মাস্টারকার্ডের বাংলাদেশ কার্যালয়ের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন
বাংলাদেশ কার্যালয় পরিচালনার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করেছে প্রযুক্তিভিত্তিক লেনদেন সেবা প্রদানকারী বৈশ্বিক প্রতিষ্ঠান ’মাস্টারকার্ড’।
রোববার তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি এক অনুষ্ঠানে বাংলাদেশে মাস্টারকার্ডের উপস্থিতিরও ২০তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম মাস্টারকার্ড ব্র্যান্ডেড প্লাস্টিক কার্ড বাংলাদেশে ১৯৯৭ সালে চালু হলেও ২০১৩ সালে অফিস খুলে সর্বাত্মক কার্যক্রম শুরু হয়, যা এ ধরনের সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে প্রথম।
গত তিন বছরে বাংলাদেশের ১৬টি শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ও বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে অংশীদার হিসাবে মাস্টারকার্ড কাজ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা বাংলাদেশে নগদ অর্থবিহীন অর্থনীতি গড়ে তোলা তথা নগদ অর্থের পরিবর্তে কার্ডকেন্দ্রিক আর্থিক লেনদেন কার্যক্রম বিকাশের চেষ্টা করছি।”
মাস্টারকার্ড বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট গীতাঙ্ক ডি. দত্তসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
