রাজধানীতে ‘জেন্ডার অ্যানালাইসিস’ কর্মশালা
নারী-পুরুষের সম্পর্কের ভিত্তিতে নারীর প্রতি বৈষম্যের আর্থ-সামাজিক বিশ্লেষণ নিয়ে ‘জেন্ডার অ্যানালাইসিস’ শীর্ষক কর্মশালা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ফ্রেড হলোজ ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে বলে প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অর্থায়নে ‘সিইং ইজ বিলিভিং’ প্রকল্পের আওতায় ‘বিল্ডিং জেন্ডার ইকুইটেবল আই হেলথ সিস্টেম ইন বরিশাল ডিভিশন’ শীর্ষক প্রকল্পের অধীনে এ কর্মশালা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারী সরকারি-বেসরকারি কর্মকর্তারা বরিশালে নারীদের চোখের চিকিৎসা কীভাবে আরও বিস্তৃত ও সহজলভ্য করা যায় তা নিয়ে আলোচনা করেন।
এ সময় অন্যদের মধ্যে ফ্রেড হলোজ ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ড. জারীন খায়ের, বরিশাল বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের প্রতিনিধি, বরিশাল বিভাগীয় সিভিল সার্জন, শেরে-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ এবং চোখের চিকিৎসা নিয়ে কাজ করা বিভিন্ন এনজিও’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
