বেসিসের নেতৃত্বে এপিকটা অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় বাংলাদেশ
এশিয়া প্যাসিফিক অঞ্চলের তথ্য-প্রযুক্তি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (এপিকটা) অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নেতৃত্বে তথ্য-প্রযুক্তি খাতের ১০টি কোম্পানি এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বেসিস এর ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার এপিকটা অ্যাওয়ার্ড প্রতিযোগিতা হবে আগামী ২ থেকে ৫ ডিসেম্বরে, তাইওয়ানের তাইপে শহরে।
এপিকটা অ্যাওয়ার্ডস একটি আন্তর্জাতিক পুরস্কার প্রতিযোগিতা, যা এপিকটা দ্বারা পরিচালিত।
অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ব্রুনেই দারুসসালাম, চীন, চীনাতাইপে, হংকং, ইন্দোনেশিয়া, জাপান, ম্যাকাও, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং নেপালসহ ১৭টি অর্থনীতি অঞ্চলের সদস্য নিয়ে এপিকটা গঠিত।
এই বছর মোট ১৭টি শ্রেণিতে এই পুরস্কার দেওয়া হচ্ছে। প্রতিযোগিতাটি সমাজে আইসিটি সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল বিভাজনে সহায়তা করতে উৎসাহ প্রদানের লক্ষ্যে আয়োজিত।
বেসিসের সদস্য কোম্পানি সমূহের মাঝে আগ্রহী প্রতিষ্ঠানগুলো থেকে কয়েক ধাপে যাচাই বাছাইয়ের মাধ্যমে টুইস্টার মিডিয়া টেকনোলজি লি., রিভ সিস্টেমস, আরএক্স ৭১ লি., ডক্টোরোলা, ফিউচার সল্যুশানস ফর বিজনেস লি., বিজনেস অটোমেশন লি., অ্যানালাইজেন বাংলাদেশ লি., ক্রান্তি অ্যাসোসিয়েটস লি., বন্ডসটেইন টেকনোলজিস, হিউম্যাক ল্যাবলিসহ মোট ১০টি কোম্পানিকে এই প্রতিযোগিতায় অংশ নিতে নির্বাচন করা হয়েছে।
প্রতিযোগিতায় ভালো করতে বেসিসের পক্ষ থেকে গত ১৪ ও ১৫ই নভেম্বর সব নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে বেসিস মিলনায়তনে দুই দিনব্যাপী প্রস্তুতি ও পরামর্শমূলক উপস্থাপনা করা হয়।
এতে বেসিস নির্বাহী পরিষদের সভাপতি মোস্তাফা জব্বার, সিনিয়ার সহ-সভাপতি রাসেল টি আহমেদ, সহ-সভাপতি এম রাশেদুল হাসান, পরিচালক উত্তম কুমার পাল, পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
