সেনা সদস্যদের জন্য রবি-ট্রাস্ট স্মার্টফোন অফার
ট্রাস্ট ব্যাংকের স্যালারি অ্যাকাউন্টধারী সশস্ত্র বাহিনীর সদস্যরা আকর্ষণীয় মূল্যে মোবাইল ফোন অপারেটর রবির ‘কর্পোরেট স্মার্টফোন বান্ডেল সল্যুশন’ উপভোগ করতে পারবেন।
সম্প্রতি রবি আজিয়াটা লিমিটেড ও ট্রাস্ট ব্যাংকের মধ্যে এ বিষয়ে একটি কর্পোরেট চুক্তি সই হয় বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় অপারেটরটি।
মেজর জেনারেল এস এম মতিউর রহমানের উপস্থিতিতে ট্রাস্ট ব্যাংকের কর্পোরেট হেড অফিসে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইশতিয়াক আহমেদ চৌধুরী ও রবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
রবি জানায়, চুক্তির আওতায় ব্যাংকটির স্যালারি অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য যৌথভাবে বিভিন্ন হ্যান্ডসেট বান্ডল অফার আনবে ট্রাস্ট ব্যাংক ও রবি।
প্রাথমিকভাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও ট্রাস্ট ব্যাংকের কর্মীরা এই সুবিধা উপভোগ করতে পারবেন। আইফোন সেভেন ও সেভেন প্লাসসহ বিভিন্ন অফার থেকে মাসিক কিস্তির (ইএমআই) ভিত্তিতে সুযোগটি গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।
হ্যান্ডসেট বান্ডল অফারের পাশাপাশি ট্রাস্ট ব্যাংকের ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড হোল্ডাররা সাশ্রয়ী মূল্যে রবি’র আন্তর্জাতিক রোমিং সুবিধা উপভোগ করতে পারবেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
