আইটি উদ্যোক্তাদের জন্য আরও সুযোগ আসছে: পলক
তথ্য-প্রযুক্তি (আইটি) খাতের উদ্যোক্তাদের জন্য আরও সুযোগ সুবিধা আসছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক।
বিশ্বমানের উদ্ভাবনী উদ্যোক্তাদের সহায়তা দিতে গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্ক এবং যশোর হাইটেক পার্কে প্রায় ২৫ হাজার বর্গফুট জায়গা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
সোমবার রাজধানীর জনতা টাওয়ারে স্থাপিত দেশের প্রথম আইসিটি ইনকিউবেটর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের মূল কোম্পানি ভিম্পেলকম-এর হেড অব ইমার্জিং মার্কেট জন এডি আইসিটি ইনকিউবেটর পরিদর্শন করেন।
আইসিটি ইনকিউবেটর ডিজিটাল উদ্যোক্তা তৈরির একটি প্ল্যাটফর্ম। এটি তরুণদের ক্ষমতায়ন, কাজের সুযোগ প্রদান এবং বৈশ্বিক ডিজিটাল অর্থনীতি ও সমাজে কাজের সুযোগ-সুবিধা প্রদানের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
বিশ্বমানের উদ্ভাবনী উদ্যোক্তাদের সহায়তা দিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বেসরকারি মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের সহায়তায় রাজধানীর জনতা টাওয়ারে স্থাপিত আইসিটি ইনকিউবেটর চালু করা হয় গত জুলাই মাসে।
প্রতিমন্ত্রী বলেন, “এখানে যে স্টাটআপরা কাজ করছে তারা ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্য কৃষিখাতসহ অন্যান্য খাত নিয়ে কাজ করছে। স্থানীয় অভিজ্ঞতা নিয়ে তারা বৈশ্বিক ব্যবসায় যাচ্ছে।
“শুরুর কয়েকমাস পর আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি যে দশজন স্টার্টআপ যে উদাহারণ রেখে যাবে, ভবিষ্যতের উদ্যেক্তারা আরো বড় বড় স্বপ্ন দেখার উৎসাহ পাবে।”
স্টার্টআপদের জন্য ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, “কালিয়াকৈরে হাইটেক পার্ক ৩০ হাজার স্কয়ার ফুট এখন তৈরি রয়েছে, সেখানে কিছু প্রতিষ্ঠিত কোম্পানি যাবে। পাশাপাশি স্টার্টআপদেরও খুব কমমূল্যে জায়গা দেওয়া হবে।”
যশোরে দুই লাখ ৩২ হাজার স্কয়ার ফুট জায়গায় ১৫ হাজার স্কয়ার ফুটের একটি ফ্লোর পুরোটাই এবং কালিয়াকৈরে হাইটেক পার্কে ১০ হাজার স্কয়ার ফুট স্টার্টআপদের দিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী।
ইনকিউবেটর পরিদর্শনকালে জন এডি বলেন, “ভিম্পেলকম বিশ্বাস করে যে, ডিজিটাল অগ্রযাত্রা কেবল জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই নয়, বরং এটি দেশের অর্থনৈতিক উন্নতিতেও বিশেষ অবদান রাখে। আমি আত্মবিশ্বাসী যে, এই স্টার্ট-আপগুলো বাংলাদেশকে ডিজিটাল জাতিতে রূপান্তরে একটি চমক সৃষ্টি করবে।”
এ সময় হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অস, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তৈমুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
