চামড়া নিয়ে ‘শঙ্কা কেটেছে’ ব্যবসায়ীদের
লবণের চড়া দাম আর গরমের কারণে এবছর কোরবানির পশুর চামড়া নষ্ট হওয়ার শঙ্কা ব্যবসায়ীদের মধ্যে ছিল তা অনেকটাই দূর হয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, কোরবানির পর মৌসুমী ব্যবসায়ীরা চামড়া দ্রুত আড়তে নিয়ে আসায় এবার তারা নষ্ট চামড়া পাচ্ছেন কম।
তবে লবণের দাম স্বাভাবিক হলে চামড়া সংরক্ষণে আরও সুবিধা হতো বলে মনে করেন তারা।
বাংলাদেশে হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, “এবছর ঈদের দিন সকাল ১০টা থেকেই মোসুমী ব্যবসায়ীরা পোস্তায় কোরবানির চামড়া নিয়ে গেছেন। অন্য বছর তারা আসতেন সন্ধ্যার পর।”
ব্যবসায়ীরা সচেতন হওয়ায় এ বছর কাঁচা চামড়া নষ্ট কম হবে বলে তিনি জানান।
এবার ঢাকায় প্রায় ৫ লাখ গরু কোরবানি হয়েছে জানিয়ে তিনি বলেন, “এর মধ্যে চার লাখ গরুর চামড়া পোস্তার বিভিন্ন আড়তে রয়েছে। এসব চামড়াও অনেক ভালো রয়েছে।”
সব মিলিয়ে এবার তারা এক কোটিরও বেশি চামড়া পাওয়ার আশা করছেন; এর মধ্যে শুধু গরুর চামড়াই ৭৫ লাখ।
এদিকে মৌসুমী ব্যবসায়ীরা জানিয়েছেন, ট্যানারি মালিকদের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে চামড়া কিনে লোকসানে পড়তে হয়েছে এবার।
বদরুল ইসলাম বদু নামে এক ব্যবসায়ী বলেন, “প্রতিযোগিতা করে চামড়া কিনতে গিয়ে কিছুটা বেশি দাম দিতে হয়েছে।”
উদাহরণ দিয়ে তিনি বলেন, যে চামড়া পঁচিশ বর্গফুট ভেবে কেনা হয়েছে, পোস্তায় আনার পর ফড়িয়ারা সেটাকে বিশ বর্গফুট বলছে।
জমেনি পোস্তার কেনাবেচা
ঈদের তৃতীয় দিনেও ঢাকার পোস্তায় কাঁচা চামড়া বেচাকেনা জমে উঠেনি। বৃহস্পতিবার সকালে পোস্তায় গিয়ে দেখা গেছে, কেউ দুই-তিনটি চামড়া আনলেই ফড়িয়ারা ছুটে যাচ্ছেন।
চানখার পুল থেকে আসা স্বপন নামের এক ব্যবসায়ীর কাছ থেকে একজন ফড়িয়া তিন হাজার টাকায় দুটি চামড়া কেনেন।
লাভ কত হয়েছে জানতে চাইলে স্বপন বলেন, “দুই চামড়ায় ২০০ টাকা।”
আগের মত ব্যবসা নেই জানিয়ে তিনি বলেন, দুই চামড়ায় আগে এক হাজার টাকা লাভ হতো।
আফতাব নামের এক আড়তদার বলেন, “মৌসুমী ব্যবসায়ীদের লাভ হয়। তবে লাভের পরিমাণ কমে গেছে।”
সপ্তাহখানেক পর থেকে ট্যানারি মালিকদের পোস্তায় আনাগোনা শুরু হলে পোস্তা সরগরম হয়ে উঠবে বলে জানান তিনি।
এবার ট্যানারি মালিকরা ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া ৫০ টাকা; ঢাকার বাইরে এর ৪০ টাকায় কেনার ঘোষণা দিয়েছেন।
এছাড়া সারা দেশে খাসির লবণযুক্ত চামড়া ২০ টাকা এবং বকরির চামড়া ১৫ টাকায় সংগ্রহ করা হবে।
