৯১% কারখানায় বেতন-বোনাস হয়েছে: বিজিএমইএ
আসন্ন ঈদ উপলক্ষে শনিবার পর্যন্ত ৯১ শতাংশ কারখানার শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া হয়েছে বলে জানিয়েছে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।
বাকি কারখানার শ্রমিকদের বেতন-বোনাস আগামীকাল রোববারের মধ্যেই পরিশোধ করা হবে শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান।
কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত ‘রপ্তানিমুখি তৈরি পোশাক শিল্পের বর্তমান শ্রম পরিস্থিতি’ শীর্ষক ওই সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিজিএমইএর সহ-সভাপতি এস এম মান্নান কচি, মোহাম্মদ নাসির ও মাহমুদ হাসান খান বাবু উপস্থিত ছিলেন।
বিজিএমইএ সভাপতি বলেন, “অগাস্ট মাসের বেতনসহ এ পর্যন্ত ৯১ শতাংশ কারখানায় ঈদের উৎসব ভাতা প্রদান করা হয়েছে। আগামীকালকের (রোববার) মধ্যে অবশিষ্ট কারখানাগুলোর বেতন-ভাতা পরিশোধ করা হবে।”
ঈদের আগে বেতন-বোনাস নিয়ে সমস্যা হতে পারে- এমন কিছু কারখানার তালিকা বিভিন্ন সংস্থা থেকে পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “তাই বিজিএমইএ সদস্যভুক্ত ৯২৮টি কারখানা পরিদর্শন করা হয়। এরমধ্যে ১৮টি কারখানা সমস্যাপূর্ণ বলে চিহ্নিত করা হয়।
“পরে এসব কারখানার সমস্যা বিজিএমইএর সহায়তায় সমাধান করা হয়েছে। এ মুহূর্তে বেতন-ভাতার বিষয়ে সমাধান করা হয়নি- এরকম একটি কারখানাও নেই।”
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুরোধে এলাকাভিত্তিক এবং ভিন্ন ভিন্ন তারিখ ও সময়ে ছুটি দেওয়া হচ্ছে জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, “কিছু কারখানায় গত বৃহস্পতিবার, কিছু কারখানা শুক্রবার ছুটি দেওয়া হয়েছে।
“কিছু কারখানায় আজ এবং কিছু কারখানায় আগামীকাল ছুটি দেওয়া হবে।”
ঈদের সময় সড়কে যানজট এড়াতে প্রতিবারের মতো এবারও ধাপে ধাপে পোশাক কারখানায় ছুটি দিতে অনুরোধ করা হয় মালিকদের।
সংবাদ সম্মেলনে গাজীপুরের টঙ্গীর প্যাকেজিং কারখানায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে সিদ্দিকুর রহমান বলেন, বিজিএমইএ তাদের সদস্যভুক্ত কারখানায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া নির্দেশ দিয়েছে।
বিজিএমইএ ভবন ভাঙা সংক্রান্ত চূড়ান্ত রায়ের বাস্তবায়ন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “ওই রায় পুনর্বিবেচনার আবেদন করা হবে।”
রাজধানীর হাতিরঝিল প্রকল্প এলাকায় পরিবেশের ক্ষতি করে বেআইনিভাবে প্রায় দুই দশক আগে গড়ে ওঠা ১৬ তলাবিশিষ্ট বিজিএমইএ ভবন ভেঙে ফেলার চূড়ান্ত রায় হয় গত ২ জুন।
ভবনটি অবৈধ ঘোষণা করে তা ভেঙে ফেলতে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বিজিএমইএর আপিলের আবেদন খারিজ করে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ ওই রায় দেয়।
