পোশাক শ্রমিকদের বেতন-বোনাস ১০ সেপ্টেম্বরের মধ্যে
পোশাক কারখানার শ্রমিকদের বেতন ও উৎসবভাতা ১০ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করতে বলেছে সরকার।
ঈদের সড়কে যানজট এড়াতে প্রতিবারের মতো এবারও ধাপে ধাপে গার্মেন্টে ছুটি দিতে অনুরোধ করা হয়েছে কারখানা মালিকদের।
কোরবানির ঈদ সামনে রেখে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, “পোশাক কারখানার মালিকদের ১০ তারিখের মধ্যে শ্রমিকদের প্রাপ্য বেতন-বোনাস দিয়ে পর্যায়ক্রমে ছুটি দিতে নির্দেশ দেওয়া হয়েছে।”
পাশাপাশি ঈদ সামনে রেখে মহাসড়ক, পশুর হাট ও শপিং মলগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
তিনি জানান, ঈদের মৌসুমে দেশের সব মহাসড়কে ১৫টি করে ‘ওয়াচ টাওয়ার’ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। মাওয়া ও পাটুরিয়া ফেরিঘাট এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাতে যানজট না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শুক্রবার জিলহজ মাসের চাঁদ দেখা গেলে বাংলাদেশে কোরবানির ঈদ হবে ১২ সেপ্টেম্বর। আর সেদিন চাঁদ দেখা না গেলে ঈদ একদিন পিছিয়ে যাবে।
এ বছর ঢাকায় কোরবানির পশুর ২৩টি হাট বসবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “হাটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া জাল টাকা শনাক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।”
ঢাকার বড় বড় শপিং মলগুলোর ৯০ শতাংশেরই নিজস্ব সিসি ক্যামেরা রয়েছে জানিয়ে তিনি বলেন, এর বাইরেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদের মধ্যে পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, র্যাবের মহা পরিচালক বেনজীর আহমেদ, ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া ছাড়াও বিজিবি ও ফায়ার সার্ভিসের প্রধান এবং বিজিএমইএ, বিকেএমইএ, ট্যানার্স অ্যাসোসিয়েশন ও এফবিসিসিআইয়ের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।
