২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগাস্টে রপ্তানিতে প্রবৃদ্ধি ২০%

অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে কমলেও দ্বিতীয় মাসেই বড় ধরনের উল্লম্ফন হয়েছে রপ্তানি আয়ে।

আবদুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2016, 11:20 PM

Updated : 20 Aug 2022, 01:36 PM

তৈরি পোশাকের পাশপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত মাছ, ওষুধসহ অন্যান্য খাতের রপ্তানিও বেড়েছে।

বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি রপ্তানি আয়ের হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা গেছে, চলতি ২০১৬-১৭ অর্থবছরের দ্বিতীয় মাস অগাস্টে পণ্য রপ্তানি থেকে ৩৩০ কোটি ৩৫ লাখ (৩ দশমিক ৩ বিলিয়ন) ডলার আয় হয়েছে।

এই অংক গত বছরের অগাস্টের চেয়ে ২০ শতাংশ বেশি। লক্ষ্যমাত্রার চেয়ে ১৬ দশমিক ৫৩ শতাংশ বেশি।

আর দুই মাসের (জুলাই-অগাস্ট) রপ্তানি আয় বেড়েছে ৮ দশমিক ৪২ শতাংশ বেশি, যেখানে প্রথম মাস জুলাইয়ে গত বছরের জুলাইয়ের চেয়ে আয় কমেছিল সাড়ে ৩ শতাংশের মতো।

দ্বিতীয় মাসেই রপ্তানিতে উল্লম্ফনে বছর শেষে গত বছরের মতোই ১০ শতাংশ প্রবৃদ্ধির আশা করছেন অর্থনীতির গবেষক জায়েদ বখত।

এক্ষেত্রে গুলশান ও শোলাকিয়ার মতো জঙ্গি হামলার পুনরাবৃত্তি না ঘটা এবং দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখাকে শর্ত হিসেবে দেখছেন তিনি।

পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সহ-সভাপতি নাসির উদ্দিনও রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখার বিষয়ে আশাবাদী।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

জুলাইয়ে জঙ্গি হামলার পর ক্রেতাদের মধ্যে যে শঙ্কা দেখা দিয়েছিল তা কেটে গেছে বলে মনে করছেন এই গার্মেন্ট ব্যবসায়ী।

তিনি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জুলাই মাসে রোজার ঈদের ছুটির কারণে ৭ থেকে ৮ দিন পোশাক কারখানা বন্ধ ছিল। সে কারণে পোশাক রপ্তানি কম হয়েছিল।

“অগাস্টে কোনো জঙ্গি হামলা হয়নি...। সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। বায়ারদের মধ্যে যে শঙ্কা ছিল সেটা কেটে গেছে। রাজনীতিতেও স্থিতিশীলতা ছিল। কারখানা বন্ধ ছিল না।এ সব কিছুরই ইতিবাচক প্রভাব পড়েছে রপ্তানি আয়ে।”

সেপ্টেম্বর মাসে কোরবানির ঈদের ছুটির কারণে কয়েক দিন উৎপাদন বন্ধ থাকবে বলে চলতি মাসে আয় হয়তো কিছুটা কমতে পারে বলে মনে করছেন নাসির।

“তবে পরের মাসগুলোতে বাড়বে বলে প্রত্যাশা করছি।”

সব মিলিয়ে অর্থবছর শেষে গত বছরের মতোই ১০ শতাংশের মতো প্রবৃদ্ধি হবে বলে মনে করছেন বিজিএমইএর এই নেতা।

ইপিবির তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-অগাস্ট) বাংলাদেশ বিভিন্ন পণ্য রপ্তানি করে ৫৮৩ কোটি ৭৮ লাখ (৫ দশমিক ৮৪ বিলিয়ন) ডলার আয় করেছে।

এরমধ্যে ৮২ শতাংশই এসেছে তৈরি পোশাক রপ্তানি থেকে।

এই দুই মাসে নিট পোশাক রপ্তানি থেকে সবচেয়ে বেশি আয় হয়েছে, ২৪৭ কোটি ২৮ লাখ ডলার।প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৪৯ শতাংশ।

এছাড়া উভেন পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ২৩৭ কোটি ১০ লাখ ডলার। এখানে প্রবৃদ্ধি ৬ দশমিক ৪৯ শতাংশ।

মূলত তৈরি পোশাকের উপর ভর করেই জুলাই-অগাস্ট সময়ে রপ্তানি আয়ে সাড়ে ৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

তবে নিট পোশাকে লক্ষ্যমাত্রার চেয়ে আয় ৪ শতাংশ বাড়লেও উভেন পোশাকে ১৩ শতাংশের মতো কমেছে।

২০১৫-১৬ অর্থবছরের জুলাই-অগাস্ট সময়ে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৫৩৮ কোটি ৪৩ লাখ ডলার।

 

অগাস্টে রপ্তানি আয় বৃদ্ধির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, “বাংলাদেশ যতো কম দামে ভালো মানের পোশাক রপ্তানি করে পৃথিবীর অন্য কোনো দেশ তা পারে না। সে কারণে যতো বাধা-বিপত্তিই আসুক না কেন আমাদের রপ্তানি আয় বাড়বেই।”

গত ২০১৫-১৬ অর্থবছরে বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে বাংলাদেশ তিন হাজার ৪২৫ কোটি ৭২ লাখ (৩৪ দশমিক ২৫ বিলিয়ন) ডলার আয় করে, যা ছিল আগের অর্থবছরে চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি।

গত অর্থবছরের ধারাবাহিকতায় চলতি ২০১৬-১৭ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্য ধরা হয় ৩৭ বিলিয়ন ডলার।

অন্য খাতের আয়

তৈরি পোশাকের মতো চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতেও ভালো প্রবৃদ্ধি হয়েছে, ১৫ দশমিক ৩১ শতাংশ।

জুলাই-অগাস্ট সময়ে এই খাত থেকে মোট আয় হয়েছে ২২ কোটি ৬৭ লাখ ডলার। চামড়াজাত পণ্য রপ্তানিতে আয় বেড়েছে ১৯ শতাংশ। জুতা রপ্তানি থেকে আয় বেড়েছে ২৪ শতাংশ।

তবে ফিনিশড লেদার রপ্তানি কমেছে ৬ শতাংশ।

হিমায়িত খাদ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৮ কোটি ৯৫ লাখ ডলার। এই অর্থ আগের বছরের একই সময়ের চেয়ে ২১ দশমিক ১৯ শতাংশ বেশি।

জুলাই-অগাস্ট সময়ে পাট ও পাটজাত পণ্য থেকে ১৪ কোটি ডলার আয় হয়েছে। এই অংক গত বছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক ৫২ শতাংশ বেশি।

হোম টেক্সটাইল রপ্তানি বেড়েছে ১ দশমিক ৩৮ শতাংশ।ওষুধে বেড়েছে ৬ শতাংশ।

তবে কৃষিজাত পণ্য রপ্তানি ৭ শতাংশের মতো কমেছে।