২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাইন গাছের আদলে মোবাইল টাওয়ার

টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (ইডটকো) সম্প্রতি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে তাদের দ্বিতীয় ক্যামোফ্ল্যাগ টাওয়ার স্থাপন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2016, 06:37 PM

Updated : 11 Oct 2022, 08:40 PM

বৃহস্পতিবার ইডটকো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৩০ মিটার উচ্চতা-বিশিষ্ট উদ্ভাবনী এই টাওয়ারটি পাইন গাছের আদলে তৈরি। 

টাওয়ারটি থেকে তিনটি মোবাইল ফোন অপারেটর তাদের নেটওয়ার্ক পরিচালনা করতে পারবে।

এর আগে ইডটকো তাদের প্রথম ক্যামোফ্ল্যাগ টাওয়ার অবকাঠামো নির্মাণ করে বন্দরনগরী চট্টগ্রামের বোট ক্লাব ভবনের ছাদে।

ইডটকো বাংলাদেশ’র ম্যানেজিং ডিরেক্টর ড্যারিল সিনাপ্পা বলেন, “বাংলাদেশে উদ্ভাবনী টেলিযোগাযোগ অবকাঠামো স্থাপনে আমাদের অব্যাহত প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই পাইন ট্রি ক্যামোফ্ল্যাগ টাওয়ারটি।

“অবকাঠামোটি নগরের নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি করেছে এবং যেসব স্থানে সৌন্দর্য একটি গুরুত্বপূর্ণ বিষয় সেসব স্থানে এ ধরনের টাওয়ার স্থাপনের পরিকল্পনা করছি আমরা।”

২০১২ সালে প্রতিষ্ঠিত ইডটকো এশিয়ার প্রথম আঞ্চলিক ও সমন্বিত টেলিযোগাযোগ অবকাঠামো কোম্পানি যারা টাওয়ার ভাড়া, কো-লোকেশন, বিল্ড-টু-স্যুট, জ্বালানি, ট্রান্সমিশন ও রক্ষণাবেক্ষণসহ (ওঅ্যান্ডএম) সব ধরনের অবকাঠামো সেবা দিয়ে থাকে।

মালয়েশিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, কম্বোডিয়া ও বাংলাদেশে ইডটকোর ১৬ হাজারেরও বেশি টাওয়ারের অঞ্চলিক পোর্টফোলিও নিয়ে কোম্পানিটি টেলিযোগাযোগ অবকাঠামো সেবা এবং সমাধান দিতে কাজ করে যাচ্ছে।

২০১৩ সালে ইডটকো গ্রুপের সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে ইডটকো বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।