ফিলিপিন্সের রিজল ব্যাংকের সেই দেগিতো গ্রেপ্তার
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় আলোচিত ফিলিপিন্সের রিজল ব্যাংকের কর্মকর্তা মায়া সান্তোস দেগিতো গ্রেপ্তার হয়েছেন।
গত ফেব্রুয়ারি থেকে তদন্তের আওতায় থাকা দেগিতোকে বুধবার ম্যানিলার একটি সুপারমার্কেট থেকে গ্রেপ্তার করা হয় বলে এবিএস-সিবিএন নিউজের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক থেকে যাওয়া বাংলাদেশের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপিন্সের রিজল ব্যাংকের (আরসিবিসি) যে শাখার মাধ্যমে বেহাত হয়েছিল, সেই শাখার ব্যবস্থাপক ছিলেন এই নারী।
বিশ্বজুড়ে আলোড়ন তোলা ওই ঘটনায় ফিলিপিন্সের পার্লামেন্ট কমিটিও তদন্তে জিজ্ঞাসাবাদ করেছিল দেগিতোকে। বরখাস্ত করার পর তার বিরুদ্ধে মামলা করেছিলেন আরসিবিসির সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জো তান।
ওই মামলায় আদালতের পরোয়ানা জারির পর দেগিতোকে গ্রেপ্তার করা হয়।
রয়টার্স বলেছে, বৃহস্পতিবার সকালে আদালতের কার্যক্রম শুরুর আগ পর্যন্ত আরসিবিসির সাবেক এই কর্মকর্তা পুলিশের কাছেই আটক থাকবেন। আদালতের কার্যক্রম শুরু হলে তিনি সেখানে জামিনের আবেদন করতে পারবেন।
রিজল কর্মাশিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) মাকাতি সিটির জুপিটার স্ট্রিট শাখায় ভুয়া পরিচয়ে খোলা পাঁচটি অ্যাকাউন্টে গত ৪ ও ৫ ফেব্রুয়ারি ভুয়া সুইফট বার্তার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ সরানো হয়।
শাখা ব্যবস্থাপক দেগিতো তখন বলেছিলেন, ওই পাঁচটি অ্যাকাউন্ট খোলার বিষয়টি ব্যাংকের তৎকালীন প্রেসিডেন্ট তান জানতেন।
এরপর গত এপ্রিলে অধিকার লঙ্ঘন ও মানহানির অভিযোগে দেগিতোর বিরুদ্ধে মামলা করেন তান।
রিজল ব্যাংকের মাকাতি শহরের সেই জুপিটার স্ট্রিট শাখা
জালিয়াতির মাধ্যমে ফেডারেল ব্যাংক অব নিউ ইয়র্কে গচ্ছিত রিজার্ভ সরানোর বিষয়টি টের পাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ওই অর্থ ছাড় না করতে সুইফট বার্তায় নির্দেশনা দেওয়া হলেও অর্থের একাংশ ব্যাংক থেকে ছাড় হয়ে ক্যাসিনোতে জুয়ার টেবিলে চলে যায়।
এ ঘটনায় ফিলিপিন্সে তদন্ত শুরুর পর আরসিবিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশনার পরও অর্থ ছাড় করায় দেগিতোকে দায়ী করার মধ্যে তিনি পদত্যাগ করার কথা গণমাধ্যমকে জানান।
তবে দেগিতোকে বরখাস্ত করা হয়েছে বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ।
পরবর্তীতে ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে ব্যাংক প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহীর পদ থেকে লরেঞ্জো তানও পদত্যাগ করেন।
