ঈদঘিরে ইউএস-বাংলার বাড়তি ফ্লাইট
ঈদে আগে ও পরে যাত্রীদের বাড়তি চাপ সামলাতে অভ্যন্তরীণ বেশ কয়েকটি রুটে বাড়তি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বেসরকারি বিমান পরিবহন সংস্থাটির উপ-মহাব্যবস্থাপক (বিপণন ও জনসংযোগ) কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঈদের আগে ঢাকা থেকে যশোর, সৈয়দপুর ও রাজশাহী রুটে এবং ঈদের পর ঢাকায় ফেরার জন্য যাত্রীদের আগাম চাপ থাকায় যশোর, সৈয়দপুর ও রাজশাহী থেকে ঢাকা রুটে অতিরিক্ত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া ঈদ উপলক্ষে পর্যটকদের চাপ থাকায় ঢাকা থেকে কক্সবাজার রুটেও অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা রাখা হয়েছে বলে তিনি জানান।
ঈদের আগে ১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত ঢাকা থেকে যশোর ও সৈয়দপুর রুটে প্রতিদিন নির্দিষ্ট দুটি ফ্লাইটের বাইরে আরও একটি করে ফ্লাইট চলবে। ৩ জুলাই পর্যন্ত ঢাকা থেকে রাজশাহী রুটে প্রতিদিন দুটি বাড়তি ফ্লাইট চলবে।
ঈদের পরে ৯ ও ১০ জুলাই যশোর, সৈয়দপুর ও রাজশাহী থেকে ঢাকার পথেও বাড়তি ফ্লাইটগুলো চালু থাকবে বলে কামরুল জানান।
এছাড়া পর্যটকদের বাড়তি চাহিদা মেটাতে ৮ ও ১০ জুলাই ঢাকা-কক্সবাজার রুটে দুটি ফ্লাইট চলবে বলেও জানান তিনি।
