এবার সরাসরি কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা জার্মানির
‘ঝুঁকিপূর্ণ’ বিবেচনায় বাংলাদেশ থেকে সরাসরি আকাশপথে পণ্য পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জার্মানির বেসামরিক বিমান সংস্থা লুফথানসা এয়ারলাইনস।
ঢাকার শাহজালাল বিমানবন্দরের পণ্য পরিবহন (কার্গো) ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে রোববার এই সিদ্ধান্তের কথা লুফথানসা জানায় বলে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “লুফথানসা এয়ারলাইনস জানিয়েছে, তারা আকাশপথে সরাসরি বাংলাদেশ থেকে পণ্য পরিবহন করবে না। বাংলাদেশ থেকে পণ্য পরিবহনকে তারা ঝুঁকিপূর্ণ মনে করছে।
“তবে জার্মান সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে এনিয়ে মৌখিক বা লিখিত কিছু জানানো হয়নি।”
গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া ও মার্চে যুক্তরাজ্য নিরাপত্তার ক্ষেত্রে ‘আন্তর্জাতিক মানদণ্ডে’ ঘাটতির কথা বলে বাংলাদেশ থেকে আকাশপথে পণ্য পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করে।
বাণিজ্যিক ক্ষতির মুখে পড়ে এই সমস্যা সমাধানে উদ্যোগী হয় সরকার। এরপর যুক্তরাজ্যের পরামর্শ নিয়ে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সিদ্ধান্ত; এক পর্যায়ে মার্চের শেষ সপ্তাহে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তায় তাদের প্রতিষ্ঠান ‘রেডলাইন এভিয়েশন সিকিউরিটি’কে নিয়োগ করা হয়।
এর পর মে মাসে শাহজালাল বিমানবন্দর ‘আরএ-৩’ (ইইউ এভিয়েশন সিকিউরিটি ভ্যালিডেটেড রেগুলেটড এজেন্ট) মর্যাদা পায়, যার ফলে বাংলাদেশ থেকে তৃতীয় দেশ ঘুরে আবারও যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় পণ্যবাহী বিমান চলাচল করতে পারবে বলে এর আগে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন জানিয়েছিলেন।
সেক্ষেত্রে অস্ট্রেলিয়ায় কার্গো যেতে তৃতীয় দেশে রি-স্ক্রিনিং করাতে হবে। তবে যুক্তরাজ্যের ক্ষেত্রে রি-স্ক্রিনিংয়েরও প্রয়োজন হবে না বলে জানান তিনি।
