ফের কার্গো যাবে যুক্তরাজ্য-অস্ট্রেলিয়া
নিরাপত্তায় ‘রেডলাইন এভিয়েশন সিকিউরিটি’ কাজ শুরু করার পর নতুন মর্যাদা পেয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
এর ফলে ঢাকা থেকে আবারও যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় পণ্যবাহী বিমান চলাচল করতে পারবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন, যা কয়েক মাস ধরে বন্ধ আছে।
সোমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৪ মার্চ রেডলাইন এভিয়েশন সিকিউরিটি কাজ শুরুর পর ৫ মে ‘আরএ-৩’ (ইইউ এভিয়েশন সিকিউরিটি ভ্যালিডেটেড রেগুলেটড এজেন্ট) নামে একটি মর্যাদা পেয়েছে শাহজালাল বিমানবন্দর। ইউরোপীয় দেশগুলোতে কার্গো বিমান পাঠাতে নিরাপত্তা সম্পর্কিত বাধ্যবাধকতা অনুসারে এই মর্যাদা আবশ্যক।
বিমানমন্ত্রী বলেন, বিমানবন্দরে একটি আলাদা নিরাপত্তা জোন তৈরি করে তিনটি বিমান সংস্থাকে যুক্তরাজ্যে কার্গো ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। এই তিন এয়ারলাইন্স হচ্ছে, বাংলাদেশ বিমান, ইতিহাদ এবং লুফথানসা। যুক্তরাজ্যকে অনুসরণ করে অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা শিথিল করেছে।
তিনি জানান, যার ফলে তৃতীয় দেশ ঘুরে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় কার্গো যেতে পারবে। সেই তৃতীয় দেশে রিস্ক্রিনিং করাতে হবে। যুক্তরাজ্যেও কার্গো যাবে তৃতীয় দেশ ঘুরে। তবে সেখানে রিস্ক্রিনিংয়ের প্রয়োজন হবে না।
রাশেদ খান মেনন বলেন, এসিসি-৩ (এয়ার কুরিয়ার ক্যারিং কার্গো অর মেইল ফ্রম থার্ড কান্ট্রি এয়ারপোর্ট) নামে অন্য একটি মর্যদা পেলে বাংলাদেশ থেকে সরাসরি যুক্তরাজ্যে কার্গো যাবে, যা আগামী জুনে হিথ্রোতে একটি প্রতিনিধি দল যাওয়ার সময় অর্জন করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অসন্তোষের এক পর্যায়ে গত ৮ মার্চ ঢাকা থেকে সরাসরি কার্গো ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় যুক্তরাজ্য। এর আগে অস্ট্রেলিয়াও বাংলাদেশ থেকে সরাসরি কার্গো ফ্লাইট নিষিদ্ধ করে।
বাণিজ্যিক ক্ষতির মুখে পড়ে এই সমস্যা সমাধানে উদ্যোগী হয় সরকার। এরপর যুক্তরাজ্যের পরামর্শ নিয়ে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সিদ্ধান্ত হয়।
এক পর্যায়ে যুক্তরাজ্যের প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই দেশটির কোম্পানি রেডলাইন এভিয়েশন সিকিউরিটি লিমিটেডকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নে নিয়োগ দেয় সরকার।
সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী বলেন, গত ২১ মার্চ চুক্তির পর ২৪ মার্চ শাহজালাল বিমানবন্দরে ৩১ জন প্রশিক্ষক, ব্যবস্থাপক ও স্ক্রিনার নিয়োগ দেয় রেডলাইন। সংস্থাটি প্রথমে লন্ডনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট পরিচালনা তদারকি শুরু করে। পরবর্তীতে বোর্ডিং গেট এক-এ তারা যাত্রী সাধারণের জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা সাজিয়ে দেন। পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়ার পর রেডলাইন গত ২৪ এপ্রিল বেবিচকের নিরাপত্তাকর্মী ও স্ক্রিনারদের হাতে লন্ডন ফ্লাইটের দায়িত্ব হস্তান্তর করে।
রেডলাইনের সহায়তায় বিমানবন্দরের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ এবং তার সুরাহার জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলেও জানান তিনি।
রেডলাইন ২৪ মার্চ কাজ শুরুর পর ১০০ কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণ দিয়েছে জানিয়ে রাশেদ খান মেনন বলেন, স্বল্প সময়ে রেডলাইন কর্তৃক প্রস্তাবিত পরিকল্পনা অনুসারে একটি আলাদা নিরাপত্তা জোন তৈরি করা হয়। প্রাথমিকভাবে তিনটি এয়ারলাইন্সকে ওই নিরাপত্তা জোনের মাধ্যমে কার্গো হ্যান্ডলিংয়ের জন্য নির্বাচন করা হয়।
মন্ত্রী বলেন, পরিকল্পনা অনুসারে শাহজালাল বিমানবন্দর এক বছরের মধ্যে সম্পূর্ণ কার্গো ভিলেজ আরএ-৩ হিসেবে মর্যালদা লাভ করবে এবং সব পণ্যবাহী এয়ারলাইন্স এর আওতাভুক্ত হবে। পরিদর্শনকারী ভ্যালিডেটর বিমানের এসিসি-৩ সম্পর্কিত প্রতিবেদন যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টকে জমা দিবেন। ওই প্রতিবেদন সন্তোষজনক হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সরাসরি যুক্তরাজ্যে কার্গো পরিবহন করতে পারবে।
তিনি বলেন, গত ডিসেম্বরে বাংলাদেশ থেকে আকাশ পথে পণ্য পরিবহনে অস্ট্রেলিয়া যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, শাহজালালে নিরাপত্তা ব্যবস্থার উন্নতির ফলে দেশটির সরকার তা শিথিল করেছে। গত ৫ মে ঢাকায় অস্ট্রেলিয়ান হাই কমিশন এ সংক্রান্ত একটি পত্র পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন অবস্থায় বাংলাদেশ থেকে তৃতীয় একটি দেশ ঘুরে অস্ট্রেলিয়াতে কার্গো যাবে, যেখানে পুনঃস্ক্রিনিং হবে।
মেনন বলেন, “অস্ট্রেলিয়া আমাদের এখন থেকে কোনো কার্গো সেটা তৃতীয় দেশের মাধ্যমেও যদি যায়, সব নিষেধ করে দিয়েছিল। এমনকি সরাসরি আমাদের সাথে যোগাযোগ না করে তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছিল।
“এখন তারা যে চিঠি পাঠিয়েছে, সেই চিঠিতে তারা বলেছে, এখন থেকে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যেতে পারবে। তবে মধ্যবর্তী যে স্টেশন রয়েছে, সেখানে রিস্ক্রিনিং করতে হবে। এইটুকু শিথিল তারা করেছেন। এখন থেকে আবধাবি, দুবাই, সিঙ্গাপুর বা হংকং যেখান দিয়ে যাবে, সেখানে এটাকে রিস্ক্রিনিং করা হবে। আমরা এটাকে গুরুত্বপূর্ণ মনে করছি, এই কারণে যে, তারা বলছেন, তারা এটা করেছেন যুক্তরাজ্যের অ্যাপ্রোচের কারণে।”
রাশেদ খান মেনন (ফাইল ছবি)
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মন্ত্রী বলেন, “শাহজালালের নিরাপত্তা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আমরা দৃঢ় অঙ্গীকারাবদ্ধ। আমরা এ রকম নিরাপত্তা ব্যবস্থা শুধু শাহজালালে সীমাবদ্ধ করতে চাই না, আমরা এরকম নিরাপত্তা ব্যবস্থায় চট্টগ্রাম শাহআমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেট ওসমানী বিমানবন্দরও সাজাতে চাই।”
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা শাহজালালকে শেষ করলে বাকি দুটা শুরু করব। আমাদের অসুবিধা হচ্ছে ইকুইপমেন্টের জন্য। ৫ মে টেন্ডার দাখিল হয়েছে। আমরা আশা করছি, শীঘ্রই টেন্ডার খোলা হবে, টেন্ডার খোলা হলে উপকরণগুলো আমরা পাব। তখন আমরা ওসমানী এবং শাহ আমানতে যাব।”
এসিসি-৩ হলে লন্ডনে সরাসরি পণ্যবাহী ফ্লাইট পরিচালনার সুযোগ পাওয়া যাবে জানানোর পর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আমরা আশা করছি, জুনের মধ্যে আমাদের একটা টিম হিথ্রোতে যাবে। ওরা দেখতে যাবে। ওই সময়ের মধ্য এটা হয়ে যাবে।”
বিমানবন্দরের বিভিন্ন সংস্থার মধ্যে বিরোধিতা সৃষ্টি হওয়ায় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হওয়ার বিষয়েও সংবাদ সম্মেলনে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।
“এই ব্যাপারে আমাদের ন্যাশনাল কমিটি আছে। সেখানে আমরা প্রায়শই মিট করি। যেন সমন্বিতভাবে এই সংস্থাগুলো কাজ করতে পারে, ইতোমধ্যে পদক্ষেপও নিয়েছি।
“কাস্টমসে এনবিআর চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন, আমরা বসে একটা প্ল্যানআউট করেছি। আমি আশা করছি, টুকটাক সমস্যা ছাড়া বড় ধরনের কোনা সমস্যা হবে না।”
এসব পদক্ষেপ গ্রহণে বৈশ্বিক রাজনৈতিক চাপ ছিল কি না- এমন প্রশ্নে তিনি বলেন, “এভিয়েশন সিকিউরিটি ইজ নাউ অ্যা কোয়েশ্চেন। সিরিয়াস কোয়েশ্চেন। ধরেন ব্রাসেলসে ঘটনা ঘটেছে, সেটাতে সেখানকার ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছিল।
“এই ধরনের থ্রেটগুলো অন্য এয়ারপোর্টেও আছে। রাজনৈতিক চাপের চেয়ে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি, সেটা অবশ্য রাজনৈতিক, সেটা সন্ত্রাসজনিত পরিস্থিতি, সেটার কারণে করতে হচ্ছে।”
