২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিওআইপি সিম: জরিমানা বাড়বে ঘণ্টায় ঘণ্টায়

অবৈধ ভিওআইপির কাজে ব্যবহৃত মোবাইল সিম চিহ্নিত হওয়ার দুই ঘণ্টার মধ্যে বন্ধ না করলে চার হাজার টাকা জরিমানা গুণতে হবে অপারেটরদের; এরপরও চালু থাকলে প্রতি ঘণ্টায় জরিমানার অংক ৪০০ টাকা করে বাড়বে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2016, 06:39 PM

Updated : 20 Aug 2022, 12:57 PM

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি সম্প্রতি দেশের ছয়টি মোবাইল ফোন অপারেটরকে এ নির্দেশনা পাঠিয়েছে।

বিটিআরসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগের নিয়মে অবৈধ ভিওআইপির কাজে ব্যবহৃত সিম চিহ্নিত হওয়ার পর চার ঘণ্টার মধ্যে তা বন্ধ করার নির্দেশনা ছিল। বলা ছিল, বন্ধ না করলে চার হাজার টাকা জরিমানা হবে।

এখন সেই সময় কমিয়ে দুই ঘণ্টা করা হয়েছে। চিহ্নিত সিম ওই সময়ের মধ্যে বন্ধ না হলে অপারেটরের জরিমানা হবে চার হাজার টাকা। প্রতি ঘণ্টায় তা ৪০০ টাকা করে বাড়বে বলে জানান ওই কর্মকর্তা।

অবৈধ ভিওআইপিতে ব্যবহৃত মোবাইল সিম চিহ্নিত হওয়ার পর অপারেটররা বন্ধ না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও বিটিআরসির নির্দেশনায় সতর্ক করা রয়েছে।

সাধারণত সিম বক্স ডিটেকশন সিস্টেম (এসবিডি) এবং সেলফ রেগুলেশন (এসআরপি) পদ্ধতিতে অবৈধ ভিওআইপিতে ব্যবহৃত সিম চিহ্নিত করা হয়।

এছাড়া কোনো নম্বর অবৈধ ভিওআইপিতে ব্যবহার করা হচ্ছে বলে সন্দেহ হলেও ওইসব সন্দেহজনক নম্বর ব্লক বা বন্ধ করতে পারে মোবাইল ফোন অপারেটররা।

সন্দেহজনক এসব নম্বর দ্রুত বন্ধ করে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে জানানোরও নিয়ম রয়েছে।

বিটিআরসির হিসাবে গত এপ্রিল শেষে গ্রাহকের হাতে থাকা মোবাইল সিমের সংখ্যা ছিল ১৩ কোটি ২০ লাখের মত। আর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তথ্য অনুযায়ী, ৪ জুন পর্যন্ত মোট ১১ কোটি ৬০ লাখের মত সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে।

এ হিসাবে এখনো দেড় কোটির বেশি সিম নিবন্ধিত না হওয়ায় ঘোষণা অনুযায়ী বন্ধ রয়েছে। তবে গ্রাহক ইচ্ছা করলে নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করে সেই সিম তুলতে পারছেন।

বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধন প্রক্রিয়া শেষে অবৈধ ভিওআইপি কলের সংখ্যা হ্রাস পেয়েছে বলে জানিয়ে আসছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

পুরনো খবর:

একে অন্যের সন্দেহজনক নম্বর ব্লক করবে অপারেটররা
ভিওআইপির সিম ৩ ঘণ্টায় বন্ধ না হলে ব্যবস্থা