একে অন্যের সন্দেহজনক নম্বর ব্লক করবে অপারেটররা
অবৈধ ভিওআইপিতে ব্যবহার করা হচ্ছে বলে কোনো নম্বর সন্দেহজনক মনে করলে নিজেদের প্রান্তে একে অপরের ওইসব সন্দেহজনক নম্বর ব্লক বা বন্ধ করতে পারবে মোবাইল ফোন অপারেটররা।
সন্দেহজনক এসব নম্বর দ্রুত বন্ধ করে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ও সংশ্লিষ্ট অপারেটরদেরও জানাতে হবে বলে সম্প্রতি অপারেটদের পাঠানো এক নির্দেশনায় জানিয়েছে বিটিআরসি।
বিটিআরসি’র এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবৈধ ভিওআইপি নম্বর বন্ধে এই উদ্যোগ। বর্তমানে অবৈধ ভিওআইপি নম্বর সন্দেহ হলে নিজস্ব নম্বর ব্লক করে দেয় অপারেটররা। এই নির্দেশনার ফলে অপারেটররা নিজেদের প্রান্তে অন্য অপারেটরদের সন্দেহজনক নম্বরও ব্লক বা বন্ধ করে দেবে।”
বিটিআরসি’র চিঠিতে বলা হয়, অপারেটররা এ-পার্টি অথবা কলিং পার্টি (যে নম্বর থেকে ফোন আসে) নম্বরগুলো পর্যালোচনা করবে এবং সন্দেহজনক হলে তা অতিসত্বর ব্লক বা বন্ধ করতে হবে।
সব অপারেটর সন্দেহজনক এসব নম্বর দ্রুত দ্রুত বন্ধ করে কমিশন ও সংশ্লিষ্ট অপারেটরকে জানাবে।
অন্য অপারেটর নেটওয়ার্কে সন্দেহজনক হিসেবে বন্ধ করে দেওয়া কোনো নম্বর প্রকৃতই অবৈধ ভিওআইপিতে ব্যবহার করা হচ্ছে কি না তা যাচাই-বাছাই করবে যে অপারেটরের নম্বরটি বন্ধ হয়েছে সেই অপারেটর।
অন্য অপারেটরের নেটওয়ার্কে বন্ধ করে দেওয়া কোনো নম্বর যদি যাচাই-বাছাই শেষে দেখা যায় সেটি ‘প্রকৃত গ্রাহকের নম্বর’- তাহলে সংশ্লিষ্ট অপারেটর সেই নম্বর পুনরায় চালু করে দেওয়ার জন্য যে অপারেটরে নম্বরটি বন্ধ করা হয়েছে সেই অপারেটরের সঙ্গে যোগাযোগ করবে।
চিঠিতে বলা হয়, বিটিআরসি’কে অনুলিপিতে রেখে এই যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার পর বন্ধ হয়ে যাওয়া প্রকৃত গ্রাহকের নম্বর সংশ্লিষ্ট অপারেটর চালু করে দেবে।
আর বন্ধ করে দেওয়া নম্বরটি যদি যাচাই-বাছাইয়ে অবৈধ ভিওআইপি জড়িত বলে প্রমাণ পাওয়া যায় তাহলে সেটি যে অপারেটরের নম্বর সে অপারেটরকেও বন্ধ করতে হবে।
নম্বরটি যদি নিজেদের অপারেটরে বন্ধ না হয়ে থাকে বা তা যদি পুনরায় পর্যালোচনায় শনাক্ত হয় তবে এক্ষেত্রে যে অপারেটরের নম্বর সেই অপারেটরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
যদি কোনো অপারেটরের কলিং পার্টি নম্বর বন্ধ বা ব্লকের ক্যাপাসিটি পূর্ণ হয়ে যায় তবে সেই অপারেটর র্যানডম পদ্ধতিতে আগের ব্লক বা বন্ধ করা নম্বরগুলো বাতিল করে নতুন নম্বর ব্লক করবে বলে চিঠিতে বলা হয়।
সম্প্রতি অবৈধ ভিওআইপিতে ব্যবহার করা সিম চিহ্নিত করার তিন ঘণ্টার মধ্যে তা বন্ধ না হলে মোবাইল ফোন অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
গত বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী জানিয়েছিলেন, কোন কোন অপারেটরের সিমে অবৈধ ভিওআইপি হচ্ছে তা চিহ্নিত করার সাথে সাথে অপারেটরদের জানাতে হবে।
“এর সর্বোচ্চ তিন ঘণ্টার মধ্যে সেই সিম ‘ব্লক’ করতে হবে অপারেটরদের। এ সময়ের মধ্যে সিম ‘ব্লক’ করতে না পারলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে,” বলেছিলেন টেলিযোগাযোগ সচিব।
