সোয়া লাখ কোটি টাকার এডিপি, পদ্মায় ৬ হাজার কোটি
পদ্মা সেতুসহ পরিবহন খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখে আগামী অর্থবছরের জন্য প্রায় সোয়া লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্ত করেছে সরকার।
শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় এডিপি অনুমোদন দেওয়া হয়।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ও পদ্মা সেতুর গুরুত্ব বিবেচনায় এডিপির বরাদ্দে সবচেয়ে অগ্রাধিকার পেয়েছে পরিবহন খাত। পদ্মা সেতুতে ৬ হাজার ২৬ কোটি টাকা ধরে এই খাতে মোট ২৮ হাজার ৫০৩ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে।
পরে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ২০১৬-১৭ অর্থবছরের জন্য একলাখ ৯ হাজার ২০০ কোটি টাকার মূল এডিপি প্রস্তাব করে পরিকল্পনা কমিশন। কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একহাজার ৫০০ কোটি টাকা বাড়ানোর সম্মতি দেন।
একলাখ ২৩ হাজার ৩৪৫ কোটি টাকার এডিপির মধ্যে মূল এডিপির আকার দাঁড়িয়েছে একলাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা। স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১২ হাজার ৬৪৫ কোটি টাকা।
মুস্তফা কামাল বলেন, বিদ্যুৎ খাতের সংস্থাগুলোর বেশি প্রকল্প থাকায় তাদের বরাদ্দ বাড়ানোর দাবিতে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী ওই খাতে আরও তিন হাজার কোটি টাকা বরাদ্দ দিতে রাজি হন।
মূল এডিপির ৬৪ শতাংশ বা ৭০ হাজার ৭০০ কোটি টাকার যোগান দেশীয় সম্পদ থেকে দেওয়া হবে; বাকিটা বিদেশি সহায়তা থেকে আসবে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বৈঠকে প্রধানমন্ত্রী বেশকিছু নির্দেশনা দিয়েছেন। সেগুলো হচ্ছে- আগামী অর্থবছর থেকে কেউ একাধিক প্রকল্পের পরিচালক থাকতে পারবে না। প্রত্যেক প্রকল্প পরিচালককে অবশ্যই প্রকল্প এলাকায় থাকতে হবে।
“যেসব প্রকল্প অনেক দিন ধরে চলছে, বা অল্প কাজ বাকি রেখে বা কিছু কাজ বাড়িয়ে সংশোধনের প্রস্তাব করা হবে সেসব প্রকল্প শেষ ঘোষণা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।”
আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বাস্তবায়নের জন্য মোট একহাজার ১৪১টি প্রকল্প রাখা হয়েছে। এর মধ্যে একহাজার একটি বিনিয়োগ প্রকল্প, ১৩৩টি কারিগরি সহায়তার এবং জাপানি ঋণ মওকুফ তহবিলের জন্য ৭টি।
মুল এডিপি‘র জন্য পরিকল্পন কমিশন যে প্রস্তাব পাঠায় সে প্রস্তাব অনুযায়ী নতুন এডিপিতে পরিবহণ খাতে দেওয়া হয়েছে সর্বোচ্চ ২৮ হাজার ৫০৩ কোটি টাকার বরাদ্দ।
পরিবহন খাতের পর নতুন এডিপিতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ ১৪ হাজার ৪৫৭ কোটি টাকা পেয়েছে শিক্ষা খাত। এর পর ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ন খাতে প্রায় ১৩ হাজার কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে।
বিদ্যুৎ খাতে ১২ হাজার ৫৬৪ কোটি টাকা এবং পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান খাতে প্রায় ৮ হাজার ৯৮৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
পরিকল্পনামন্ত্রী বলেন, “বৈঠকে মূল এডিপির জন্য যে অতিরিক্ত বরাদ্দ অনুমোদিত হয়েছে তা অগ্রাধিকার ভিত্তিতে খাতগুলোতে বরাদ্দ দেওয়া হবে।”
