হ্যান্ডসেট নিবন্ধন আপাতত নয়: তারানা
মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই নিবন্ধনের প্রক্রিয়া আপাতত শুরু হচ্ছে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
শনিবার ওয়েস্টিন হোটলে টেলিযোগাযোগ খাতের প্রতিবেদকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে প্রতিমন্ত্রী একথা বলেন।
গত বছর ডিসেম্বরে এক অনুষ্ঠানে তারানা হালিম জানিয়েছিলেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে গ্রাহকের কাছে থাকা মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের প্রক্রিয়া শুরু হবে।
সেমিনারে তারানা হালিম বলেন, “এক সময় আমরা মোবাইল হ্যান্ডসেট আইএমইআই নিবন্ধন প্রক্রিয়ায় যাব, তবে আপতত নয়, আপাতত আমরা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের কাজটি শেষ করতে চাই।”
বাজারে অবৈধ ও নকল হ্যান্ডসেট প্রতিরোধে একটি আইএমইআই ডেটাবেইজ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা মাসখানেকের মধ্যে বিটিআরসি’র মাধ্যমে একটি সার্ভারে সফরটওয়্যারের মাধ্যমে আইএমইআই ডেটাবেউজ মেইনটেইন করার জন্য ইনস্টল করবো। বিটিআরসি’র ওয়েব সাইটে গেলে গ্রাহকরা তাদের আইএমইআই নম্বরটি দেখতে পারেবন, এই নম্বর যাচাই করতে পারবেন এসএমএস এর মাধ্যমেও।”
আইএমইআই নম্বর হলো ১৫ ডিজিটের একটি স্বতন্ত্র সংখ্যা যা বৈধ মোবাইল ফোনে থাকে। একটি মোবাইল ফোনের কি-প্যাডে *#০৬# পরপর চাপলে ওই ফোনের বিশেষ এই শনাক্তকরণ নম্বর পর্দায় ভেসে ওঠে, যা নকল হ্যান্ডসেটে থাকে না।
সিম নিবন্ধনের যে ব্যাপক উদ্যেগ নেওয়া হয়েছে এর সাথে সাথে আইএমইআই রেজিস্টেশন সম্ভব হবে না জানিয়ে তারানা হালিম বলেন, “এতে মানুষ অনেক বেশি নিয়ন্ত্রিত বোধ করবে, সাধারণ মানুষের সেন্টিমেন্টকে গুরুত্ব দিতে হয়, সাধারণ গ্রাহক আসল বলেই হ্যান্ডসেট কিনেছে, নকল হওয়ার কারণে কেন তা বন্ধ হবে এবং নিরপরাধ ব্যক্তি কেন শাস্তি পাবে। এজন্য প্রাথমিকভাবে ডেটাবেইজটা করতে চাচ্ছি।”
টেলিযোগযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি চেয়ারম্যান শাজাহান মাহমুদ বলেন, “বিটিআরসির অনুমোদন ছাড়া অনেক হ্যান্ডসেট বাজারে আসছে। অবৈধ হ্যান্ডসেট রোধ করতে একক বিটিআরসি বা কাস্টমস করতে পারে না। সামগ্রিম চেষ্টা করতে হবে। এজন্য বিটিআরসিকে সামনে রেখে কাস্টমস্, আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে একটি কমিটি করে কীভাবে এগানো যায় তার উদ্যোগ নেওয়া হবে।”
বাংলাদেশে মোবাইল ফোন আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএমপিআইএ) সভাপতি রুহুল আলম আল মাহবুব মানিক বলেন, “দেশের বাজারে নকল ও অবৈধ হ্যান্ডসেটে গ্রাহক প্রতারণা হচ্ছে।
“কর বেশি হওয়ায় অবৈধ হ্যান্ডসেট বাজারে আসছে এবং নকল আইএমইআই নম্বর যুক্ত হ্যান্ডসেট কিনে গ্রাহকরা প্রতারিত হচ্ছে।”
বাজারে ৩০ শতাংশ নকল হ্যান্ডসেট রয়েছে জানিয়ে মানিক বলেন, যেসব হ্যান্ডসেট রয়েছে তার সঠিক ৫০% আইএমইআই নম্বর সরকারের কাছে নেই।
বিএমপিআইএ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বলেন, “ট্যাক্স বৃদ্ধির ফলে দেশের বাজারে অবৈধ হ্যান্ডসেট বাড়ছে। এর ফলে রাজস্ব ক্ষতি হচ্ছে সরকারের। দুই বছর আগে যখন ১০ শতাংশ ট্যাক্স ছিল তখন অবৈধ মার্কেট ছিল চার শতাংশ এবং যখন সব মিলে এ খাতে কর ২৫ শতাংশ করা হলো তখন অবৈধ হ্যান্ডসেট বাজারে ৩০ শতাংশ ছাড়িয়েছে।”
অপারেটরদের কাছে ইআইআর (ইক্যুপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার) প্রযুক্তি থাকলে অবৈধ হ্যান্ডসেট অনেকাংশে কমানো যাবে বলেও জানান রেজওয়ানুল হক।
টিআরএনবি সভাপতি রাশেদ মেহেদির সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আহমেদ।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ আবু সাঈদ খান, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মহাপরিচালক ড. মইনুল খান, ঢাকা কাস্টটম হাউজ কমিশনার লুৎফর রহমান, বিটিআরসি মহাপরিচালক কর্নেল নাসিম পারভেজ, অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) প্রতিনিধি এবং গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন সেমিনারে বক্তব্য রাখেন।
এছাড়া বিটিআরসি সচিব সরওয়ার আলমসহ টেলিযোগাযোগখাতের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
