২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইসওয়াটারহাউজকুপার্স বাংলাদেশ শাখার যাত্রা

কর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ সব ধরনের আর্থিক পরামর্শ সেবা দিতে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউজকুপার্স (পিডব্লিউসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 05:08 PM

Updated : 11 Oct 2022, 08:07 PM

পুরনো খবর:

বাংলাদেশে শাখা খুলছে পিডব্লিউসি

রাজধানীর গুলশানের লায়লা টাওয়ারে বৃহস্পতিবার পিডব্লিউসির এ কার্যালয়ের উদ্বাধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এসময় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক এবং মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ডেভিড মিলে উপস্থিত ছিলেন।

পরে এক সংবাদ সম্মেলনে পিডব্লিউসি বাংলাদেশের চেয়ারম্যান দীপক কাপুর বলেন, “বাংলাদেশের অর্থনীতি দিন দিন শক্তিশালী হচ্ছে। তাই ঢাকায় অফিস খুলে পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনার জন্য বর্তমান সময়কেই আমরা উপযুক্ত মনে করছি। দেশটির বিভিন্ন বহুজাতিক, বেসরকারি এবং সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত।”

বাংলাদেশে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ করে সাইবার নিরাপত্তা, কর, ফরেনসিক এবং ডিজিটাল ও অবকাঠামো খাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা বাংলাদেশের মানুষের জীবনমানের উন্নতিতে কাজ করতে চাই, পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য এবং কর্মক্ষম জনগণের জন্য নতুন সুযোগ তৈরিতে ভূমিকা রাখতে চাই।”

পিডব্লিউসি বাংলাদেশের পরিচালক অভিজিৎ মুখার্জী বলেন, “আমাদের প্রধান কাজ হবে দেশিয় এবং বিশ্ববাজার পর্যালোচনার মাধ্যমে দ্রুত গ্রাহকদের জন্য আমাদের সেবাগুলো নির্দিষ্ট করা, যাতে আমাদের গ্রাহকরা প্রতিযোগিতায় এগিয়ে থাকে।

“এটা আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ, আমরা আশা করছি আমাদের বড় গ্রাহকরা বাংলাদেশের মতো বাজারে বিনিয়োগে আগ্রহী।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী পাঁচ বছরে স্থানীয় বিভিন্ন সেক্টরে (প্রকৌশল, ব্যবস্থাপনা, এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্সি) ৫০০ পেশাদার জনবল তৈরি ও নিয়োগের পরিকল্পনা রয়েছে পিডব্লিউসর।

দক্ষ জনবল তৈরিতে বর্তমানে পিডব্লিউসি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউটেন্টস অফ বাংলাদেশের (আইসিএবি) মতো কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে।

এ প্রসঙ্গে পিডব্লিউসি বাংলাদেশের ব্যবস্থাপনা অংশীদার মামুন রশীদ বলেন, “মেধাবী এবং দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে একটি উচ্চমানের দল তৈরি আমাদের লক্ষ্য। আমাদের তৈরি করা দল এমন একটি পরিবেশ তৈরিতে সক্ষম হবে, যা কোম্পানির পরিসর বাড়াতে সহায়ক হবে।”

পিডব্লিউসি বাংলাদেশে সরকারের বিভিন্ন কাজ ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা, পিপিপি প্রকল্পে সহযোগিতা, তথ্যপ্রযুক্তি ও ডাটা বিশ্লেষণ, সরকারের বিভিন্ন সংস্থার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং কর, ফরেনসিক, সাইবার নিরাপত্তা, ডিজিটাল ও অবকাঠামো উন্নয়নে পরামর্শ সেবা দেবে বলে জানান তিনি।

বিশ্বের ১৫৭ দেশে শাখা রয়েছে পিডব্লিউসির, যেখানে কর্মরত রয়েছেন দুই লাখের বেশি দক্ষ কর্মী।

২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরে সারাবিশ্ব থেকে প্রতিষ্ঠানটির মোট রাজস্ব আয় হয়েছে ৩৫ দশমিক চার বিলিয়ন ডলার।