২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে শাখা খুলছে পিডব্লিউসি

আন্তর্জাতিক মানের কর ও পরামর্শ সেবা দিতে বাংলাদেশে শাখা খোলার ঘোষণা দিয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউজকুপারসের (পিডব্লিউসি) ভারতীয় বিভাগ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 09:53 AM

Updated : 22 Aug 2022, 01:41 PM

সোমবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের গুরুত্ব দিন দিন বাড়তে থাকায় ঢাকার গুলশানে শাখা খোলার এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

পিডব্লিউসির বাংলাদেশ শাখার পার্টনার ইন-চার্জ হিসেবে কাজ করবেন ব্যাংকার ও অর্থনৈতিক বিশ্লেষক মামুন রশীদ।

পিডব্লিউসির ভারত ও বাংলাদেশ কার্যালয়ের চেয়ারম্যান দীপক কাপুর বলেন, “আমরা বিশ্বাস করি, বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। মানসম্মত সেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে এ দেশের চাহিদা পূরণে কাজ করার মধ্যে দিয়ে আমরাও এ অভিযাত্রার অংশীদার হতে চাই।

বাংলাদেশে কাজের ক্ষেত্রে এ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়োগ দেবে পিডব্লিউসি। সেইসঙ্গে অন্যান্য পেশাদার প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, অর্থনীতি ও ব্যাংকিং খাতে কাজের ৩০ বছরের অভিজ্ঞতা রয়েছে পিডব্লিউসির বাংলাদেশ শাখার পার্টনার ইন-চার্জ মামুন রশীদের। এএনজেড গ্রিন্ডলেজ, সিটি ব্যাংক (ইউএসএ) ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকসহ বিভিন্ন দেশি-বিদেশি আর্থিক প্রতিষ্ঠানে এর আগে কাজ করেছেন তিনি।

“তার দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে পিডব্লিউসি এ দেশে একটি দক্ষ কর্মীবাহিনী গড়ে তুলতে পারবে বলেই আমাদের বিশ্বাস,” বলেন দীপক কাপুর। 

বিশ্বের ১৫৭টি দেশে কর ব্যবস্থাপনা ও আর্থিক খাতের পরামর্শক হিসেবে কাজ করছে পিডব্লিউসি। ভারতের নয়টি শহরে তাদের কার্যালয় রয়েছে।