২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম প্রান্তিকে গ্রামীণফোনের আয়ে প্রবৃদ্ধি ৯ শতাংশ

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) দুই হাজার ৭৬০ কোটি টাকা আয় করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৫ শতাংশ বেশি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 06:42 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

পুরনো খবর:

গ্রামীণফোনের শেয়ারে মুনাফা বেড়েছে

গত বছরের তুলনায় নতুন গ্রাহক ও সেবা (আন্তঃসংযোগ আয় বাদে) থেকে অর্জিত রাজস্ব বেড়েছে ১১ দশমিক ৮ শতাংশ।

বুধবার জিপি হাউজে প্রথম প্রান্তিকের আয়ের প্রতিবেদন নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন গ্রামীণফোনের কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগের বছরের এই সময়ের তুলনায় গ্রামীণফোনের ডেটা থেকে রাজস্ব আয় বেড়েছে ৭ দশমিক ১ শতাংশ, আর মূল্য সংযোজিত সেবা থেকে আয় বেড়েছে ২০ দশমিক ৫ শতাংশ। ভয়েস কল থেকে অর্জিত রাজস্বও গত বছরের তুলনায় ৪ দশমিক ৮ শতাংশ বেশি।

প্রথম প্রান্তিক শেষে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৬৩ লাখ, যা ডিসেম্বর ২০১৫ এর তুলনায় শূন্য দশমিক ৭ শতাংশ কম। তবে গত বছরের একই সময়ের তুলনায় গ্রাহক প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ২ শতাংশ।

এই প্রান্তিকে গ্রামীণফোনে নতুন ৪১ লাখ ইন্টারনেট ব্যবহারকারী যোগ হওয়ায় মোট ইন্টারনেট গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯৯ লাখ।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা  (সিইও) রাজিব শেঠি বলেন, “রাজস্ব প্রবৃদ্ধি নিয়ে আমরা একটি ভালো প্রান্তিক পার করেছি। ভয়েস থেকে অর্জিত রাজস্বও বেড়েছে।

“প্রথম প্রান্তিকে ৪১ লাখ নতুন ইন্টারনেট গ্রাহক যোগ করেছি এবং এক হাজার ৮০৪টি নতুন থ্রিজি সাইট চালু করা হয়েছে, যার ফলে মোট জনসংখ্যার ৮০ শতাংশ এখন থ্রিজি সেবার আওতায় চলে এসেছে।”

গ্রামীণফোন কর্তারা জানান, আয়কর দেওয়ার পর ২০১৫ সালের প্রথম প্রান্তিকে ২১ দশমিক ৩ শতাংশ মার্জিনসহ ৫৪০ কোটি টাকা মুনাফার তুলনায় এ বছর প্রথম প্রান্তিকে নিট মুনাফা হয়েছে ২০ দশমিক ৪ শতাংশ মার্জিনসহ ৫৬০ কোটি টাকা। এই প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে ৪ দশমিক ১৫ টাকা।

গ্রামীণফোনের সিএফও দিলীপ পাল বলেন, “আমরা পরপর চারটি প্রান্তিকে রাজস্ব প্রবৃদ্ধি অর্জন করেছি দক্ষভাবে বাণিজ্যিক কার্যক্রম বাস্তবায়নের ফলে এবং একইসাথে থ্রিজির আওতা বাড়াতে বিনিয়োগও অব্যাহত ছিল। উচ্চতর অবচয় এবং অ্যামোর্টাইজেশনের পরও শেয়ার প্রতি আয় বেড়েছে।”

গ্রামীণফোন প্রথম প্রান্তিকে থ্রিজি নেটওয়ার্ক স্থাপন, টুজি নেটওয়ার্ক এর মানোন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে ৯১০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এতে তাদের আরো বেশি কল ও ডেটা ব্যবহার এবং নতুন নতুন সেবা দেওয়ার সক্ষমতা তৈরি হয়েছে অপারেটরটি জানিয়েছে।

দেশের বৃহত্তম করদাতা গ্রামীণফোন এ বছর প্রথম প্রান্তিকে সরকারি কোষাগারে কর, ভ্যাট, শুল্ক ও লাইসেন্স ফি হিসেবে এক হাজার ৪২০ কোটি টাকা দিয়েছে, যা কোম্পানির মোট রাজস্ব আয়ের ৫১দশমিক ৬ শতাংশ।