‘কানেক্টিং স্টার্ট-আপস’ প্রতিযোগিতার চূড়ান্ত বাছাই চলছে
উদ্ভাবনীমূলক ও আন্তর্জাতিক মানের উদ্যোগ তৈরি এবং আন্তর্জাতিক বাজারে এসব উদ্যোগ নিয়ে যেতে ‘কানেক্টিং স্টার্ট-আপস বাংলাদেশ’ জাতীয় প্রতিযোগিতার চূড়ান্ত বাছাই চলছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচিতদের নিয়ে ‘ডেমো ডে’ অনুষ্ঠিত হয়।
প্রথম ‘ডেমো-ডে’তে ‘গ্রোথ স্টেজ’ ক্যাটাগরির ১২৩টি উদ্যোগের মধ্যে থেকে প্রাথমিকভাবে নির্বাচিত ৯২টি উদ্যোগ বাছাই প্রক্রিয়ায় অংশ নেয়।
পরে ‘আইডিয়া স্টেজ’ ক্যাটাগরির ১৬২টি উদ্যোগ থেকে বাছাইয়ে দ্বিতীয় ‘ডেমো ডে’ হয়।
দুই ক্যাটাগরি থেকে পরবর্তী ধাপের জন্য উদ্যোগগুলো নির্বাচিত করা হবে।
প্রতিযোগিতায় ৪৩৫টি আবেদন পড়েছে, যাকে ‘আশাব্যঞ্জক’ বলছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, “২০২১ সাল নাগাদ আমরা দেশে এক হাজার উদ্ভাবনী প্রকল্প তৈরিতে কাজ করছি। যেগুলো নিয়ে আমরা আন্তর্জাতিক বাজারে বড় অবস্থান নেওয়ার স্বপ্ন দেখি।”
এই প্রতিযোগিতার মাধ্যমে তেমনই কিছু উদ্ভাবনী প্রকল্প বেরিয়ে আসবে বলে আমা প্রকাশ করেন তিনি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিযোগিতার বিজয়ীরা জনতা সফটওয়্যার টেকনোলজি পার্কে বাংলালিংকের সহযোগিতায় ডিজিটাল ইনকিউবিটর সাপোর্ট সেন্টারে এক বছরের জন্য বিনামূল্যে জায়গা বরাদ্দ পাবে।
নির্বাচিত আরও অর্ধশত উদ্যোগ অগ্রাধিকার ভিত্তিতে এই ডিজিটাল ইনকিবিউটরের বিভিন্ন সুবিধাসহ তাদের উদ্ভাবনী প্রকল্প সম্পন্ন করার জন্য জায়গা বরাদ্দ নিতে পারবে।
এছাড়া উচ্চগতির ইন্টারনেট, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, বড় কনফারেন্স রুম ব্যবহারের সুবিধাসহ তাদের আর্থিক বিনিয়োগের মাধ্যমে উদ্যোগটি যাতে আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখতে পারে তার ব্যবস্থা করা হবে। এছাড়া স্টার্ট আপগুলোকে নিয়ে পরবর্তীতে বছরব্যাপী কার্যক্রম গ্রহণ করা হবে।
আইসিটি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও বেসিস যৌথভাবে ‘কানেক্টিং স্টার্ট-আপস বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজন করেছে।
এই আয়োজনে ইনকিউবেশন ও টেলিকম পার্টনার হিসেবে বাংলালিংক এবং অন্যান্য সহযোগী হিসেবে রয়েছে ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল, গ্যাপ এবং কিজকি।
