৩ দিনের ‘ইউএস ট্রেড শো’ শুরু বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের পণ্য ও সেবা তুলে ধরতে রাজধানীতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনের ‘ইউএস ট্রেড শো’।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দূতাবাস যৌথভাবে ২৪তম এই মেলার আয়োজন করেছে।
এই মেলা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ‘অর্থনৈতিক মেলবন্ধন’ জোরদার করার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে।
এবারের মেলায় যুক্তরাষ্ট্রের ১০০টি প্রতিষ্ঠান দর্শকদের সামনে তাদের পণ্য ও সেবা তুলে ধরবে। মেলায় ১০হাজারেরও বেশি মানুষ নেবে বলে আশা করছে দূতাবাস।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বিবৃতিতে বলেন, “এই মেলা বৃহত্তর আমেরিকার যেসব পণ্য বাংলাদেশে পাওয়া যায়, তার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ব্যবসার ক্ষেত্রে জোরদার অংশীদারিত্বের ওপরও জোর দেবে।”
২০১৫ সালে দুই দেশের মধ্যে ৭০০ কোটি ডলারেরও বেশি বাণিজ্য হওয়ায় সন্তোষ প্রকাশ করেন বারিনকাট।
এবারের মেলা ‘ব্যবসার এই পরিমাণকে আরও বাড়াবে’ বলেও মন্তব্য করেন তিনি।
