২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এনডোর্সমেন্ট ছাড়া ক্রেডিট কার্ডে বিদেশি মুদ্রা নয়’

পাসপোর্টে এনডোর্সমেন্ট ছাড়া আন্তর্জাতিক ক্রেডিট কার্ডে বিদেশি মুদ্রা ইস্যু না করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 09:03 PM

Updated : 20 Aug 2022, 11:58 AM

গত ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অথরাইজড ডিলার ফোরামের বৈঠকে এ নির্দেশনার বিষয়ে সিদ্ধান্ত হয়।

বৈঠকের কার্যপত্রে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের বিপরীতে বৈদেশিক মুদ্রা ইস্যু করার আগে গ্রাহকের পাসপোর্টে এনডোর্সমেন্ট (সংযুক্তি) নিশ্চিত হতে হবে। এনডোর্সমেন্ট ছাড়া আন্তর্জাতিক ক্রেডিট কার্ডে বৈদেশিক মুদ্রা ইস্যু করা যাবে না।

তবে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দাপ্তরিক প্রয়োজনে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা ছাড়ের সরকারি আদেশ থাকলে পাসপোর্টে এনডোর্সমেন্ট লাগবে না।

বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “অনেকেই বিদেশে যাওয়ার আগে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড নেন। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কার্ডে ভ্রমণ কোটার বেশি বৈশেদিক মুদ্রা ব্যবহার হচ্ছে।

“ব্যাংকগুলো গ্রাহকের পাসপোর্টে বৈদেশিক মুদ্রার এনডোর্সমেন্ট না দেখেই কার্ডে লিমিট দিচ্ছে। আবার কেউ কেউ নতুন পাসপোর্ট করে পুরানো পাসপোর্টে ভ্রমণ করা ব্যয় গোপন করছে। এ কারণে ব্যাংকগুলোকে সতর্ক করা হয়েছে।”

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে এক লাখের বেশি আন্তর্জাতিক ক্রেডিট কার্ড রয়েছে।

১ জানুয়ারি থেকে বাংলাদেশ ব্যাংকের অনলাইন মনিটরিং সিস্টেমে আন্তর্জাতিক কার্ডের (ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড) ডাটা আপলোড শুরু করার পর থেকে এসব তথ্য পাওয়া গেছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।

সার্কভুক্ত দেশে ভ্রমণের জন্য বছরে পাঁচ হাজার ডলার ও সার্কের বাইরে অন্যান্য দেশে ভ্রমণের জন্য বছরে সাত হাজার ডলার ব্যয় করতে পারেন বাংলাদেশিরা।

এর বেশি প্রয়োজন হলে ঘোষণা সাপেক্ষে সর্বোচ্চ এক হাজার ডলার অতিরিক্ত ব্যয় করতে পারেন।

পুরনো খবর:

ক্রেডিট কার্ডে বিদেশ থেকে কেনাকাটার সীমা ৩ গুণ বেড়েছে