ক্রেডিট কার্ডে বিদেশ থেকে কেনাকাটার সীমা ৩ গুণ বেড়েছে
আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশ থেকে কেনাকাটার সীমা তিন গুণ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার জারি করে দেশের নাগরিকদের আন্তর্জাতিক বাজার থেকে ঘরে বসে পণ্য কেনার নতুন এ সুবিধা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে।
এখন থেকে বাংলাদেশে বসবাসরত যে কেউ এই কার্ডের মাধ্যমে বিদেশ থেকে কেনাকাটার বিপরীতে একবারে সর্বোচ্চ ৩০০ মার্কিন ডলার পর্যন্ত মূল্য পরিশোধ করতে পারবেন।
এর আগে এই সীমা ছিল সর্বোচ্চ ১০০ ডলার। ২০১৩ সালে এক সার্কুলারে ওই সীমা নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক।
ওই সার্কুলার অনুযায়ী ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশি নামকরা ও বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পণ্য ও সেবা (ডাউনলোড করা যায় এমন সফটওয়্যার অ্যাপ্লিকেশন, ই-বুক ইত্যাদি) কেনা যেতো। নতুন সার্কুলার এসব পণ্য ও সেবার পাশাপাশি ম্যাগাজিন ও নিউজ পেপারের সাবসক্রিপশন ফি হিসেবে ৩০০ ডলার পর্যন্ত পরিশোধ করা যাবে।
সীমা বাড়ানোর প্রেক্ষাপট জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেকে আমাদের বলছেন, কোনো কোনো একাডেমিক বইপত্র ১০০ ডলারে পাওয়া যায় না, যে কারণে তারা কিনতে পারছেন না। আবার সম্প্রতি এ খাতে চাহিদাও বেড়েছে।
“এদিকে আমাদের বৈদেশিক মুদ্রার মজুদও এখন যথেষ্ট সন্তোষজনক পর্যায়ে রয়েছে। বিশ্বব্যাপী ই-কমার্স বাড়ছে। সামগ্রিক বিবেচনায় এটা ৩০০ ডলার করা হয়েছে।”
ক্রেডিট কার্ডের লিমিট (সীমা) সাধারণত ট্রাভেল কোটা থেকে নির্ধারিত হয়। বর্তমানে সার্কভুক্ত দেশগুলোর ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য ট্রাভেল কোটার সীমা বছরে পাঁচ হাজার ডলার। আর সার্কভুক্ত দেশের বাইরের জন্য সাত হাজার ডলার। ২০১৪ সালে এই সীমা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে এক লাখের বেশি আন্তর্জাতিক ক্রেডিট কার্ড রয়েছে।
