উদ্বোধনের আট মাসেও চালু হয়নি ঢাকা-শিলং-গুয়াহাটি রুটে বাস চলাচল
নানা উৎসাহ-উদ্দীপনা ও আড়ম্বরের মধ্যে আট মাস আগে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও এখন পর্যন্ত চালু হয়নি ঢাকা থেকে আসামের গুয়াহাটি পর্যন্ত বাস চলাচল।
গুয়াহাটি থেকে মেঘালয়ের শিলং হয়ে ঢাকা পর্যন্ত এই বাস সার্ভিস চালুর ক্ষেত্রে কতগুলো ‘কারিগরী সমস্যা’র মুখোমুখি হওয়াকেই কারণ হিসেবে দেখিয়েছে আসাম রাজ্যের পরিবহন বিভাগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় গত বছর ৬ জুন দুই দেশের দুই সরকার প্রধান ঢাকা-শিলং-গুয়াহাটি এবং কলকাতা-ঢাকা-আগরতলা এই দুই রুটে বাস চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এর পর ঢাকা হয়ে কলকাতা-আগরতলা রুটে বাস চলাচল ইতোমধ্যে শুরু হলেও ঢাকা-শিলং-গুয়াহাটি রুটের যাত্রা এখন পর্যন্ত শুরু হয়নি।
আসাম রাজ্য পরিবহন বিভাগের কর্মকর্তারা বলছেন, এই উচ্চাভিলাষী প্রকল্পের সার্বিক দিক নিয়ে দিশাহীন ছিল তাদের পরিবহন বিভাগ।
বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেঘালয়ের ডাউকি সীমান্তের কাছে একটি লোহার সেতু মেরামত করার কথা ছিল; কিন্তু সেটি এখনও শেষ না হওয়ায় বাস চলাচল শুরু করতে দেরি হচ্ছে”।
এসবের বাইরেও যাত্রা সম্পর্কিত বিভিন্ন নথিপত্রের কাজ ও আনুষ্ঠানিকতাও এখন পর্যন্ত বাকি রয়েছে বলে জানান তিনি।
এর মধ্যে কেন্দ্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি যাত্রীদের কিভাবে ভিসা দেওয়া হবে সে বিষয়টি এখন পর্যন্ত সমাধা করতে পারেনি বলেও জানান আসাম রাজ্যের এই কর্মকর্তা।
ওই কর্মকর্তা বলেন, “আসাম ও মেঘালয় রাজ্য কর্তৃপক্ষের মধ্যে নথিপত্র বিনিময় হলেও এসব বিষয়ে দুই প্রতিবেশী দেশের কর্তৃপক্ষের ইতিবাচক সাড়া পাওয়া না গেলে বাস সার্ভিস চালু করা সম্ভব না”।
দুই দেশের কর্তৃপক্ষকে বাস রুটের নিরাপত্তার বিষয়টিও ঠিক করতে হবে।
এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করতে ইতোমধ্যে কেন্দ্রের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে আসাম রাজ্যের পরিবহন বিভাগ।
দুই দিক থেকে ভাড়া নির্ধারণের বিষয়ে এখনও স্পষ্ট কোনো কথা উত্থাপিত না হওয়ায় সেটিকেও বাস চলাচল শুরু করার ক্ষেত্রে আরেকটি কারণ হিসেবে দেখছেন আসাম পরিবহন বিভাগের আরেক কর্মকর্তা।
