‘সার্ভারে ত্রুটিতে’ ব্যাহত আমদানি-রপ্তানি
সার্ভারে ত্রুটির কারণে গত দুদিন ধরে আমদানি-রপ্তানি ব্যাহত হওয়ায় পণ্যের জট ছাড়াতে সাপ্তাহিক ছুটির দিনও সব কাস্টম স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
ত্রুটি দেখা দেওয়ার পর দেশের বাণিজ্য সচল রাখতে অনলাইনের পরিবর্তে সনাতন পদ্ধতিতে কাগজে-কলমে কাজ চলছে কাস্টম স্টেশনগুলোতে।
‘অনলাইন সিস্টেম’ ঠিক না হওয়া পর্যন্ত শুল্ক বিভাগের কর্মকর্তারা ‘ম্যানুয়ালি’ কাজ করে যাবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।
বর্তমানে আমদানি বা রপ্তানি পণ্য খালাসের আগে ওই পণ্যের এলসির যথার্থতা অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের কাছে দেওয়া তথ্যের সঙ্গে কাস্টমসের কাছে দেওয়া তথ্য যাচাই করা হয় অনলাইনে। শুল্ক আদায় ও তার হিসাবও করা হয় নির্ধারিত সার্ভারের অধীনে।
এই সার্ভারে সমস্যা হওয়ায় মঙ্গলবার থেকে কাস্টমস স্টেশনগুলোতে পণ্যছাড় কার্যত বন্ধ রয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক কর্মকর্তা বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “গুরুত্বপূর্ণ কিছু আমদানি ও রপ্তানি পণ্য আগের মতো কাগজে-কলমে যাচাই করে ছাড় হচ্ছে এখন। কিন্তু তা খুব সামান্য হওয়ায় পণ্যজট তৈরি হয়েছে।”
ত্রুটি সারাতে অস্ট্রেলিয়া থেকে বৃহস্পতিবার বিশেষজ্ঞ এসেছেন জানিয়ে এই কর্মকর্তা বলেন, খুব শিগগিরই সার্ভার সচল হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের সবচেয়ে বড় স্থল বন্দর বেনাপোলের কাস্টম হাউস
বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেছেন, তারাও এজন্য ভুগছেন।
“গত দুদিন ধরে আমাদের অধিকাংশ পণ্যই আটকে আছে, একটি-দুটি ছাড় হচ্ছে। এনবিআর বলছে, তাদের টেকনিক্যাল সমস্যা হচ্ছে, তবে তা কাটাতে তারা ধীর গতিতে কাজ করছে,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।
এনবিআর প্রধান বলেন, “কারিগরি এই ত্রুটির কারণে কোথাও যাতে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত না হয় সেজন্যে কাস্টমস কর্মকর্তারা অতিরিক্ত কাজ করবেন। আমাদের সহকর্মীরা অনলাইনে কাজ না হলে ম্যানুয়ালিও কাজ করবেন।”
এদিকে শুল্ক বিভাগকে সহযোগিতা করতে আগামী শুক্র ও শনিবার কাস্টমস স্টেশন সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সব শাখা খোলা রাখতে বৃহস্পতিবার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অফ সাইট সুপারভিশন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. ইব্রাহিম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের অনুরোধে এই সার্কুলার জারি করেছেন তারা।
“কারিগরি ত্রুটির কারণে কাস্টমস স্টেশনগুলো গত দুই দিন কাজ করতে পারেনি। এজন্য শুক্র ও শনিবার কাস্টমস স্টেশন খোলা রেখে রাজস্ব আয়ের পাশাপাশি পণ্যজট কমাতে চাচ্ছে।”
কাস্টমস স্টেশনগুলোতে সাধারণত শনিবার আধা বেলা ব্যাংকগুলো খোলা থাকে।
