২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাস্টমস স্টেশনের ব্যাংক খোলা শুক্র ও শনিবার

আগামী শুক্র ও শনিবার বন্ধের দিনে কাস্টমস স্টেশনগুলোতে অবস্থিত সব ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 06:45 PM

Updated : 20 Aug 2022, 11:39 AM

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অফ সাইট সুপারভিশন বিভাগ এক সার্কুলার জারি করে এ নির্দেশনা দেয়।

জাতীয় রাজস্ব বোর্ডের অনুরোধে এই সার্কুলার জারি করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অফ-সাইট সুপারভিশন বিভাগের উপ মহাব্যবস্থাপক মো. ইব্রাহিম ভূঁইয়া।

তিনি বলেন, “কারিগরি ত্রুটির কারণে কাস্টমস স্টেশনগুলো গত দুই দিন কাজ করতে পারেনি। এজন্য শুক্র ও শনিবার কাস্টমস স্টেশন খোলা রেখে রাজস্ব আয়ের পাশাপাশি পণ্যজট কমাতে চাচ্ছে।

"এনবিআর থেকে আমাদেরকে বিষয়টি জানানো হলে আমরা ব্যাংকগুলোকে শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছি।”

সার্কুলারে বলা হয়, “২২ ও ২৩ জানুয়ারি শুক্র ও শনিবার দেশের সকল কাস্টমস হাউজ খোলা রাখার সিদ্ধান্তের প্রেক্ষিতে কাস্টমস স্টেশনগুলোতে সংশ্লিস্ট তফসিলি ব্যাংক শাখাগুলো খোলা রাখার নির্দেশনা দেওয়া হলো।”

ওইদিন অফিসে যোগ দেওয়া কর্মকর্তা ও কর্মচারীদের সম্মানজনক ও যুক্তিসংগত ভাতা দেওয়ারও নির্দেশনা দেওয়া হয় সার্কুলারে।

বর্তমানে আমদানি বা রপ্তানি পণ্য খালাসের আগে ওই পণ্যের এলসির যথার্থতা অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের কাছে দেওয়া তথ্যের সাথে কাস্টমসের কাছে দেওয়া তথ্যে মিল আছে কি না তা অনলাইনে দেখা হয়। শুল্ক আদায় ও তার হিসাবও করা হয় নির্ধারিত সার্ভারের অধীনে।

এই সার্ভারে সমস্যা হওয়ায় গত দুদিন কাস্টমস স্টেশনগুলোতে পণ্য ছাড় বন্ধ রয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এনবিআর'র এক কর্মকর্তা।

সমস্যা সমাধানের জন্য অস্ট্রেলিয়া থেকে বৃহস্পতিবার বিশেষজ্ঞ এসেছেন জানিয়ে রাতের মধ্যেই সার্ভার সচল হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরও বলেন, “গত দুদিনের জট ছাড়ানোর জন্যই ২২ ও ২৩ জানুয়ারি কাস্টমস স্টেশন পূর্ণ দিবস চালু রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।”

কাস্টমস স্টেশনগুলোতে সাধারণত শনিবার অর্ধদিবস ব্যাংক খোলা থাকে।

পুরনো খবর:

‘সার্ভারে ত্রুটিতে’ ব্যাহত আমদানি-রপ্তানি