ট্রেনের টিকেট কাটার সুবিধা আনল রবি
ট্রেনের টিকেট কাটার জন্য মোবাইল ফোনভিত্তিক ট্রেন টিকেটিং সল্যুশন চালু করেছে রবি।
এতে টিকেট কেনায় ঝক্কি-ঝামেলা এবং লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার মতো ঝঞ্ঝাট থেকে মুক্তি মিলবে বলে আশা করছে মোবাইল ফোন অপারেটরটি।
বৃহস্পতিবার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকেটিং প্লাটফরম বিডিটিকেটস ডটকমের পোর্টফোলিওতে এই সেবাটি একটি নতুন সংযোজন।
রবি গ্রাহকদের প্রথমে মোবাইল ফোন থেকে *১৩১# লিখে ডায়াল করে টিকেট বুক করতে হবে। এরপর একটি সহজ প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকের কাছ থেকে যাত্রার তারিখ, কোন স্টেশন থেকে যাত্রা করবেন, কোন স্টেশন তার গন্তব্য, কোন ট্রেনে যাবেন, কোন শ্রেণি ও কোন সিটটি তিনি কিনতে ইচ্ছুক এসব তথ্য জানতে চাওয়া হবে।
টিকেট বুকিং প্রক্রিয়া শেষে বুকিং কোডসহ একটি এসএমএস গ্রাহক সঙ্গে সঙ্গে পাবেন, যাতে টিকেটটি কেনার জন্য কত টাকা লাগবে তাও উল্লেখ থাকবে।
এসএসএসটি গ্রহণ করার ৩০ মিনিটের মধ্যে দেশজুড়ে ররি’র ৬ হাজার ৫০০টি ক্যাশ পয়েন্টের যে কোনটিতে টিকেটের মূল্য পরিশোধ করতে হবে।
মূল্য পরিশোধ করার পর গ্রাহক এসএমএসে একটি ই-টিকেট নাম্বার পাবেন। এই ই-টিকেটটি রেল স্টেশনের কম্পিউটার কাউন্টারে দেখিয়ে গ্রাহকদের প্রচলিত ট্রেন টিকেট সংগ্রহ করতে হবে।
ট্রেন ছাড়ার ১ ঘণ্টা আগে টিকেটটি সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে।
রবি জানায়, মোবাইলভিত্তিক ট্রেন টিকেটিং সলিউশনটির মাধ্যমে সপ্তাহের সাত দিনই সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত টিকেট কেনা যাবে। প্রতি সিটের টিকেটের জন্য ২০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে।
যাত্রার সর্বোচ্চ ৫দিন আগে থেকে টিকেট কেনার সুযোগ পাবেন গ্রাহকরা। কিন্তু টিকেটটি হস্তান্তযোগ্য নয় এবং একটি নাম্বার থেকে মাসে সর্বোচ্চ দুইবার লেনদেন করা যাবে বলে জানায় অপারেটরটি।
