২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুবর্ণ জয়ন্তীতে গুণীজনদের সম্মাননা দিল আমিন জুয়েলার্স

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ২৭ গুণীকে সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে ৫০ বছর পূর্তি উদযাপন করেছে আমিন জুয়েলার্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2016, 10:21 PM

Updated : 11 Oct 2022, 07:31 PM

শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্মাননা পাওয়া ২৭ ব্যক্তি হলেন- আ ক ম যাকারিয়া (প্রত্নতত্ত্ববিদ), অধ্যাপক আনিসুজ্জামান (শিক্ষাবিদ), আশালতা বৈদ্য (মুক্তিযোদ্ধা), এ এম হারুন অর রশিদ (বিজ্ঞান ও প্রযুক্তিবিদ), এ কে আজাদ খান (চিকিৎসক), কাঁকন বিবি (মুক্তিযোদ্ধা), জামিলুর রেজা চৌধুরী (পুরাকৌশলী)।

এছাড়া তোফায়েল আহমেদ (রাজনীতিবিদ), তোয়াব খান (সাংবাদিক), দ্বিজেন শর্মা (প্রকৃতিবিদ), নূরজাহান বেগম (সাংবাদিক), প্রতিভা মুৎসুদ্দি (ভাষা সৈনিক), ফজলে হাসান আবেদ (সমাজকর্ম ও উন্নয়ন ব্যক্তিত্ব), মহাদেব সাহা (কবি ও সাংবাদিক), মুর্তজা বশীর (চিত্রশিল্পী), মুস্তাফা মনোয়ার (চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব)।

যতীন সরকার (চিন্তাবিদ ও লেখক), ব্যারিস্টার রফিক-উল হক (আইনজীবী), রাজ্জাক (অভিনেতা), রুনা লায়লা (সংগীতশিল্পী), সাইদা খানম (ফটো সাংবাদিক), সিরাজুল ইসলাম চৌধুরী (শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী), সুকুমার বড়ুয়া (ছড়াকার), সুধীন দাশ (নজরুলসংগীত শিল্পী), সৈয়দ শামসুল হক (কবি), হাসান আজিজুল হক (কথাসাহিত্যিক) এবং হুমায়ূন আহমেদ (কথা সাহিত্যিক- মরণোত্তর)।

সম্মাননা হিসেবে তাদের প্রত্যেককে নগদ ৩ লাখ টাকা, ২ ভরি ওজনের স্বর্ণের মেডেল, সম্মাননা ক্রেস্ট এবং উত্তরীয় দেওয়া হয়।

আ ক ম যাকারিয়া, নূরজাহান বেগম ও হুমায়ূন আহমেদের পক্ষে তাদের পরিবারের সদস্যরা সম্মাননা গ্রহণ করেন। আর রাজ্জাকের সম্মাননা পরে পৌঁছে দেওয়ার কথা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী এবং আমিন জুয়েলার্স লি. এর চেয়ারম্যান কাজী সিরাজুল ইসলাম।

তিন সদস্যের জুরি বোর্ড গুণীদের মনোনয়ন দেন। জুরি বোর্ডের সদস্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলা একাডেমির মহাপরিচালক শাসসুজ্জামান খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

অনুষ্ঠানে আরেফিন সিদ্দিক বলেন, “একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান নানাভাবে তাদের ৫০ বছর পূর্তি উদযাপন করতে পারত। কিন্তু তারা বেছে নিয়েছে গুণীজন সংবর্ধনার মতো একটা অনুষ্ঠান আয়োজনকে। এটা অবশ্যই দৃষ্টান্ত স্থাপন করার মতো।”

সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন ফাতেমা-তুজ জোহরা, ইমরান, পড়শি, অপি করিম, চাঁদনী প্রমুখ।