২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডব্লিউটিও সম্মেলনে বাংলাদেশের অর্জন সামান্য: সিপিডি

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সম্মেলনে বাংলাদেশ ‘ব্যাপক সফল’ বলে বাণিজ্যমন্ত্রী দাবি করলেও গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি বলছে, অর্জন সামান্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 10:44 PM

Updated : 12 Oct 2022, 04:43 PM

প্যারিস জলবায়ু সম্মেলন ও ডব্লিউটিও সম্মেলনে বাংলাদেশের প্রাপ্তি নিয়ে বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে সিপিডির পক্ষে এ অভিমত দেন সংস্থাটির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

অনুষ্ঠানে জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রাপ্তি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন, ডাব্লিউটিও সম্মেলন নিয়ে উপস্থাপন করেন নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।

দেবপ্রিয় বলেন, “প্যারিস জলবায়ু সম্মেলনে যে চুক্তি হয়েছে সেটি একটি প্রপ্তি। কিন্তু চুক্তিটি আদর্শ হয়নি। তাই আমরা এটা নিয়ে সংযত উচ্ছ্বাস প্রকাশ করেছি।”

“ডব্লিউটিও সম্মেলনে কিছু সামান্য অর্জন নিয়ে আমরা বের হয়ে এসেছি,” বলেন তিনি।

৩০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে চুক্তি হওয়ায় সন্তোষ প্রকাশ করে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, সম্মেলনে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়েছে।

নাইরোবিতে ১০ থেকে ১৫ ডিসেম্বর ডাব্লিউটিও সম্মেলন হয়। যে চার উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ ডাব্লিউটিও সম্মেলনে গিয়েছিল সেগুলো সফল হয়েছে বলে জানিয়েছেন সম্মেলনের স্বল্পোন্নত দেশগুলোর সমন্বয়ক ও বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

অনুষ্ঠানে দেবপ্রিয় বলেন, “বিশ্বে আমাদের মতো ছোট রাষ্ট্রগুলো আগে একটি সার্বজনীন ব্যবস্থায় বিশ্বাস করত, যেমন জাতিসংঘ বা বিশ্ব বাণিজ্য সংস্থা। কিন্তু পৃথিবীতে পরিবর্তন হয়েছে, এখন নতুন নতুন জোট হচ্ছে।

“আগে স্বল্প আয়ের দেশ বা দক্ষিণ-দক্ষিণ এক ধরনের ঐক্য ছিল, তা কিন্তু এখন নেই। এখন দেখছি, দক্ষিণের মানুষও উন্নত দেশের সাথে মিলে ভিন্ন ধরনের অ্যালায়েন্সে চলে যাচ্ছে।

“নাইরোবিতে দেখা গেছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ডাকেনি। যদিও বাংলাদেশ এলডিসিভুক্ত দেশগুলোর নেতৃত্ব দিচ্ছে। তারা ডেকেছে ভারত, চীন ও ব্রাজিলকে।”

পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে কৌশল পরিবর্তনের পরামর্শ দিয়ে তিনি বলেন, “সার্বজনীন বা বিশ্ব সংস্থাগুলোতে বাংলাদেশের নেতৃত্ব আরও জোরদার করতে হবে।

“এছাড়া পৃথিবীতে যেসব বহুপাক্ষিক প্লাটফর্ম হচ্ছে, সেগুলো থেকে কীভাবে উপকৃত হওয়া যায় সে পন্থা বের করতে হবে। আঞ্চলিক বিনিয়োগ-বিনিময়ের ব্যাপারে খোঁজ-খবর রাখতে হবে।”

জলবায়ু সম্মেলনে ‘ঐতিহাসিক চুক্তি’ হয় জানিয়ে সিপিডির গবেষণা পরিচালক ফাহমিদা বলেন, “এখানে প্রথমত কার্বন নিঃসরণ কমিয়ে আনার একটি চুক্তি হয়েছে; কোন দেশ কী পরিমাণ কমাবে তার রূপরেখা হয়েছে। তবে চুক্তিটি বাধ্যবাধকতা পর্যায়ে যায়নি “

সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর বলেন, “ডব্লিউটিও সম্মেলন ছিল হতাশাজনক। খুব কম দেশের সমন্বয়ে চুক্তিগুলো হয়েছে।”