২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক বন্ধের প্রভাব ইন্টারনেট গ্রাহকে

ফেইসবুকসহ যোগাযোগ মাধ্যমের কয়েকটি অ্যাপ বন্ধ রাখার মাসে কমেছে ইন্টারনেট গ্রাহক সংখ্যা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 09:03 PM

Updated : 12 Oct 2022, 04:43 PM

পুরনো খবর:

ফেইসবুক বন্ধ: ইন্টারনেট ডেটা ব্যবহারে ভাটা
‘ইমার্জেন্সি’ ছাড়া ফেইসবুক বন্ধ হবে না: তারানা
‘মুক্ত হলো’ সামাজিক যোগাযোগের সব মাধ্যম
২২ দিন পর ফেইসবুক খুলল

অপারেটরগুলো বলছে, সামাজিক যোগাযোগের ওই মাধ্যম বন্ধ রাখার প্রভাবই এর কারণ।

নভেম্বর শেষ নাগাদ সব ধরনের ইন্টারনেট গ্রাহক কমেছে সাত লাখের বেশি।

মঙ্গলবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র ইন্টারনেট গ্রাহক সংখ্যা নিয়ে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণে এ তথ্য উঠে আসে।

দুই বিদেশি নাগরিক হত্যা ও পুলিশের তল্লাশি চৌকিতে হামলার ঘটনার পর জঙ্গি ও সন্ত্রাসীদের যোগাযোগের পথ বন্ধ করতে গত ১৮ নভেম্বর বাংলাদেশে ফেইসবুক বন্ধ করে দেওয়া হয়।

একই সময়ে বন্ধ করা হয় ফেইসবুক ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ।

আর বিটিআরসির নির্দেশে এ কাজটি করতে গিয়ে ইতিহাসে প্রথমবারের মতো প্রায় দেড় ঘণ্টা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে বিচ্ছিন্ন থাকে বাংলাদেশ।

বাংলাদেশে ২২ দিন বন্ধ থাকার পর সরকারের ‘নির্দেশনা’পেয়ে গত ১০ ডিসেম্বর ফেইসবুক খুলে দেয় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

নিরাপত্তার কারণ দেখিয়ে ২৬ দিন বন্ধ রাখার পর গত ১৪ ডিসেম্বর বাংলাদেশে সামাজিক যোগাযোগের ‘সব মাধ্যম ও অ্যাপ’ খুলে দেওয়া হয়।

যোগাযোগ মাধ্যমের এই অ্যাপগুলো বন্ধ হওয়ার পর প্রায় ৩০ শতাংশ ব্যান্ডইউডথ ব্যবহারও কমে যায় বলে জানিয়েছিল অপারেটররা।

বিটিআরসি’র হিসাবে গত নভেম্বর শেষ নাগাদ দেশে সব ধরনের (মোবাইল, ওয়াইম্যাক্স, ফিক্সড ব্রডব্যান্ড) ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিল পাঁচ কোটি ৩৯ লাখ ৪১ হাজার। আগের মাস অক্টোবর শেষ নাগাদ এই গ্রাহক সংখ্যা ছিল পাঁচ কোটি ৪৬ লাখ ৫৮ হাজার।

এ হিসেবে শুধু এক মাসে সব ধরনের গ্রাহক কমেছে সাত লাখ ১৭ হাজার।

অন্যদিকে নভেম্বরে মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা দাঁড়ায় ৫ কোটি ১৪ লাখ ৬৮ হাজার। অক্টোবরে এ সংখ্যা ছিল ৫ কোটি ২৩ লাখ ৩১ হাজার। এ হিসেবে শুধু মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা কমেছে আট লাখ ৬৩ হাজার।

আর ওয়াইম্যাক্স গ্রাহক সংখ্যা পাঁচ হাজার কমে দাঁড়িয়েছে এক লাখ ৫৪ হাজারে।

এক মাসে (অক্টোবর শেষে থেকে নভেম্বর শেষ) আইএসপি এবং পিএসটিএন গ্রাহক সংখ্যা এক লাখ ৫০ হাজার বৃদ্ধি পেয়ে ২৩ লাখ ১৮ হাজার ছাড়িয়েছে।

অবশ্য ফেইসবুকসহ অন্যান্য অ্যাপগুলো বন্ধ করায় এই প্রভাব পড়ছে বলে মনে করেন না নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আগামী মাসেই এ সংখ্যা ঠিক হয়ে যাবে বলে মনে করি।”

এ বিষয়ে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশে ইন্টারনেটকে যেভাবে গুরুত্ব দেওয়া উচিৎ সেভাবে দেওয়া হয়নি। তার প্রতিফলন ইন্টারনেট গ্রাহক সংখ্যা কমে যাওয়া। ফেইসবুকসহ অন্যান্য যোগাযোগ মাধ্যমে বন্ধ থাকায় এই প্রভাব পড়তে পারে। কারণ ইন্টারনেট গ্রাহক সংখ্যার মধ্যে তরুণ প্রজন্মই বেশি।”

শীর্ষ স্থানীয় মোবাইল ফোন অপারেটরের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেইসবুকসহ অন্যান্য যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার পরই ইন্টারনেট গ্রাহক সংখ্যায় এই প্রভাব পড়তে থাকে।

এদিকে অক্টোবর শেষে থেকে নভেম্বর শেষ নাগাদ মোবাইল ফোন গ্রাহক সংখ্যা ১১ লাখ ৬৭ হাজার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৩১ লাখ ছাড়িয়েছে।

বিটিআরসি’র হিসাবে গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও এয়ারটেলের গ্রাহক সংখ্যা বাড়লেও কমেছে টেলিটক ও সিটিসেলের গ্রাহক সংখ্যা।

সিটিসেলের গ্রাহক সংখ্যা ৫৫ হাজার কমে ১০ লাখ ৮৯ হাজার এবং টেলিটকের গ্রাহক সংখ্যা ৮৪ হাজার কমে ৪০ লাখ ৫৭ হাজারে দাঁড়িয়েছে।