২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩১ টাকা কেজি দরে চাল কিনবে সরকার

এবার ৩১ টাকা কেজি দরে দুই লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করবে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 04:51 PM

Updated : 22 Aug 2022, 01:53 PM

বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

পরে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আগামী ১৫ ডিসেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত দুই লাখ মেট্রিক টন চাল কেনা হবে।

“আমন ধান উৎপাদন করতে কৃষক পর্যায়ে খরচ পড়েছে ১৮ টাকা ৫০ পয়সা। আর চাল উৎপাদন পর্যন্ত এই খরচ দাঁড়িয়েছে ২৮ টাকা ৫০ পয়সা খরচ। আমরা ৩১ টাকা কেজি দরে আমন চাল সংগ্রহ করব।”

মন্ত্রী জানান, গত বছর ৩২ টাকা কেজি দরে তিন লাখ ২০ হাজার মেট্রিক টন আমন চাল সংগ্রহ করা হয়।

সরকার এবার কোনো আমন ধান কিনবে না বলেও জানান কামরুল।

কমছে ওএমএসের চাল-আটার দাম

বৈঠকে সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে রাখতে খোলা বাজারে বিক্রির (ওএমএস) চাল ও আটার দাম কমানোরও সিদ্ধান্ত হয়।

দুই-এক দিনের মধ্যে ওএমএসের চাল-আটার পুনঃনির্ধারিত দাম ঘোষণা করা হবে বলে জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

“ওএমএসের বিক্রয়মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছি। কত কমানো হবে তা কাল-পরশু জানিয়ে দেওয়া হবে।”

বর্তমানে প্রতি কেজি আটা ২২ টাকা ও ওএমএসের চাল ২৪ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্য প্রতিমন্ত্রী নূরুজ্জামান আহমেদ ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

ওএমএসের চাল-আটার দাম কমতে পারে