২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওএমএসের চাল-আটার দাম কমতে পারে

সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে রাখতে খোলা বাজারে বিক্রির (ওএমএস) চাল ও আটার দাম কমানোর কথা ভাবছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 06:36 PM

Updated : 22 Aug 2022, 01:41 PM

বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে এই পরিকল্পনার কথা জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

তিনি বলেন, আগামী ১২ নভেম্বর খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে ওএমএসের চাল ও আটার দাম পুনর্নির্ধারণ করা হবে।

সারাদেশে ওএমএসের মাধ্যমে প্রতি কেজি আটা ২২ টাকা এবং ২৪ টাকা কেজিতে চাল বিক্রি করা হচ্ছে। নতুন করে চাল ও আটার দাম কত নির্ধারণ করা হবে সে বিষয়ে কিছু বলেননি খাদ্যমন্ত্রী।

“আরেকটু সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে এবং সাধারণ মানুষের কাছে যেন এসব খাদ্যদ্রব্য আরও বেশি করে যায় সেই বিবেচনা করা হবে।”

Image
ওএমএসের আওতায় চাল বিতরণ (ফাইল ছবি)

ওএমএসের আওতায় চাল বিতরণ (ফাইল ছবি)

১২ নভেম্বরের ওই সভায় কত টাকা দরে আমন সংগ্রহ করা হবে তাও নির্ধারণ করা হবে জানিয়ে কামরুল বলেন, আগামী ডিসেম্বর থেকে আমন সংগ্রহ করা হবে।

আমন সংগ্রহের আগে যেসব এলাকায় আমন ধান বেশি আবাদ হয় সেসব এলাকার খাদ্য গুদাম খালি করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

“খাদ্য গুদামের ধারণক্ষমতা ২০ লাখ মেট্রিক টন। এখন ১৬ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে।”

গত বছরের এই সময়ের চেয়ে তিন লাখ মেট্রিক টন বেশি খাদ্য মজুদ রয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, এটাই খাদ্যের সর্বোচ্চ মজুদ। খাদ্য পরিস্থিতি ভাল, মজুদও ভাল।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং খাদ্য অধিদপ্তরের কর্মকর্তরা সভায় উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

খোলা বাজারে চাল ২৪ টাকায়