২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে মৌসুমি সবজি, কমেছে মরিচের ‘ঝাল’

মৌসুমি সবজি বাজারে আসতে শুরু করার সঙ্গে সঙ্গে ঢাকার কাঁচাবাজারে দীর্ঘদিনের চড়াদাম পড়তে শুরু করেছে। সবচেয়ে বেশি কমেছে কাঁচামরিচের দাম।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 05:48 PM

Updated : 12 Oct 2022, 04:22 PM

পুরনো খবর:

সবজির দামে শীতের আমেজ

এক সপ্তাহের ব্যবধানে সিম, টমেটো, করলাসহ সব ধরনের সবজির দাম কেজিতে পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে বলে খুচরা বিক্রেতাদের দাবি।

তবে মাছ-মাংসের বাজার অপরিবর্তত রয়েছে।

ক্ষেত্র বিশেষে ইলিশসহ আরও কয়েকটি মাছের দাম বেড়েছে বলে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে।

শুক্রবার ঢাকার খিলগাঁও, মহাখালী, ফকিরাপুলের কাঁচাবাজার ও কারওয়ান বাজারের পাইকারি হাট ঘুরে দেখা যায়, কয়েক ধরনের চালের দাম কেজিতে ২/৩ টাকা কমেছে। তবে ডাল, মসলা, তেলসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।

কাওরান বাজারের সবজি বিক্রেতা মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় সব রকমের শাক-সবজি কেজিতে ৫ থেকে ১০ টাকা করে কমেছে।

শীত মৌসুমের সবজি বাজারে আসতে থাকায় দিনে দিনে দাম আরও কমবে বলে জানান তিনি।

ফকিরাপুল বাজারের ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, তার দোকানে সিম, বেগুন, মিষ্টি কুমড়াসহ আরও কয়েকটি সবজি গত সপ্তাহের তুলনায় ৫/১০ টাকা কমে বিক্রি হচ্ছে।

“কম দামে কিনতে পেরেছি, তাই কম দামে বিক্রি করছি। পাইকাররা দাম বাড়ালেই কেবল আমরা দাম বাড়াতে বাধ্য হই। তবে শীতে সবজির দাম আরও কমে যাবে।”

খিলগাঁওয়ের সবজি বিক্রেতা মোতালেব জানান, বেশ কয়েকদিন ধরে পোটল প্রতি কেজি ৩০ টাকা, পেঁপে প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা, মূলা প্রতি কেজি ৪০ টাকা, করলা প্রতি কেজি ৪০ টাকা, সিম প্রতি কেজি ৫০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ৫৫ থেকে ৮০ টাকা ও ফুলকপি প্রতিটি ৪০ টাকা দরে বিক্রি করছেন তিনি।

বাজারে নতুন মৌসুমের গোল আলু আসা শুরু করেছে, যা চলতি সময়ের সবচেয়ে দামি সবজি হিসাবে বিক্রি হচ্ছে।

খিলগাঁও, ফকিরাপুল, কারওয়ান বাজার ও মহাখালী কাঁচাবাজারে একশ থেকে ১১০ টাকা কেজিদরে আলু বিক্রি হতে দেখা গেছে।

স্বপন নামে এক ক্রেতা বলেন, “সবাই সারা বছর আড়তের আলু খায়। নতুন আলুর অন্যরকম একটা স্বাদ থাকে। তাই দুই কেজি নিয়ে নিলাম। তবে কিছুদিনের মধ্যে এই দাম ২০ টাকায় নেমে আসবে।”

সবজির বাজারে স্বস্তি আসতে থাকলেও মাছ মাংসের বাজার আগের মতই চড়া রয়ে গেছে।

আরও কিছুদিন এসব পণ্যের চড়া দাম অপরিবর্তিত থাকবে বলে ধারণা দিয়েছেন বিক্রেতারা।

খিলগাঁওয়ের কাঁচাবাজারে তেলাপিয়া ১৫০ টাকা, রুই ২০০ থেকে ২৫০ টাকা, কাতল ৩০০ থেকে ৩৫০ টাকা, সরপুটি ২০০ টাকা, মাঝারি আকারের ইলিশ (৬০০ থেকে ৭০০ গ্রাম) ৬৫০ থেকে ৭০০ টাক দরে বিক্রি হতে দেখা গেছে।

তবে কারওয়ান বাজারে আরেকটু বড় আকারের ইলিশ ৯শ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানান মাছ বিক্রেতা সোহেল।

ব্রয়লার মুরগি ও দেশি মুরগির দামও স্থিতিশীল দেখা গেছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

Image
ফাইল ছবি

ফাইল ছবি

প্রায় সবগুরো মার্কেটে ব্র্রয়লার মুরগি ১৩০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

ছোট আকৃতিরি দেশি মুরগি প্রতিটি ২০০ টাকা আর বড় আকারেরগুলো ৩০০ থেকে সাড়ে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

গরুর মাংস ৩৮০ টাকা থেকে ৪০০ টাকা এবং খাসির মাংস প্রতি কেজি ৫৫০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

খিলগাঁওয়ের মাংস বিক্রেতা হানিফ বলেন, বছরের এই মৌসুমে মাংসের দাম একটু বাড়তি থাকে। বিয়েসহ অন্যান্য অনুষ্ঠান এখন বেশি হচ্ছে। বাজারে সব রকমের মাংসের চাহিদা বাড়ছে; তাই দামও বাড়বে।  

বনশ্রী এলাকার পাইকারি বিক্রেতা হালিম মোল্লা জানান, কয়েক ধরনের চাল কেজিতে দু’এক টাকা কমেছে। চালের বাজারে এটি নিত্যদিনের ঘটনা। এটাকে স্থিতিশীল অবস্থা বলা যেতে পারে।

“নাজির ৪২ থেকে ৫৮ টাকা প্রতি কেজি, বিআর ২৮ নম্বর ৩০ থেকে ৩৫ টাকা প্রতি কেজি, মিনিকেট ৪০ থেকে ৪২ টাক প্রতি কেজি বিক্রি হচ্ছে।”

তবে মিনিকেট প্রতি কেজি ৩৯/৪০টাকা, বিআর ২৮ নম্বর ৩১ থেকে ৩২ টাকায় বিক্রি হতে দেখা গেছে কারওয়ান বাজারে।