সবজির দামে শীতের আমেজ
সরবরাহ বাড়তে থাকায় সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের কাঁচাবাজারে কমতে শুরু করেছে প্রায় সব ধরনের সবজির দাম।
শুক্রবার নগরীর পাইকারি পণ্যের বৃহত্তম কাঁচাবাজার রিয়াজউদ্দিন বাজার ও বহদ্দারহাট কাঁচাবাজার ঘুরে দেখা গেছে কিছু সবজি ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহেও ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
রিয়াজউদ্দিন বাজারে চৈতন্য গলি পাইকারি কাঁচাপণ্যের প্রতিষ্ঠান বিসমিল্লাহ বাণিজ্যালয়ের কর্মকর্তা শাহিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শীতের সবজির সরবরাহ বেড়েছ প্রচুর। আগামী কয়েক সপ্তাহে সবজির দাম আরও কমে যাবে।
“উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই শতাধিক সবজির ট্রাক বাজারে ঢুকছে। ফলে দাম কমেছে ক্রেতাদের প্রত্যাশা মত।”
রিয়াজউদ্দিন বাজারের খুচরা সবজি বিক্রেতা মো. রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাল কুমড়া, মূলা, বাঁধাকপি, চিচিংগা, শসা, মিষ্টি কুমড়া, পেঁপে ও পোটলের মত সবজি ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
৪০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে ফুলকপি। বরবটি পাওয়া যাচ্ছে ৫০ টাকায়, করলা ৬০ টাকা ও বেগুন ৫০ টাকা বিক্রি হচ্ছে বলে জানান রাসেল।
শঙ্খ নদীর তীরে চাষ হওয়া দোহাজারী বাজার থেকে আসা নতুন বেগুন বিক্রি হচ্ছে ৭০ টাকায়। এ বেগুনের চাহিদা বেশি থাকায় দামও একটু বেশি বলে জানান তিনি।
শীতের শাকও বিক্রি হচ্ছে নাগালের মধ্যে; প্রতি আঁটি মূলা শাক মিলছে ১০ টাকা ও লাল শাক ১৫ টাকায়।
কাঁচা মরিচের দামেও রয়েছে স্বস্তি। প্রতিকেজি কাঁচামরিচ ৮০ টাকা কেজিদরে বিক্রি হতে দেখা গেছে রিয়াজউদ্দিন বাজারে।
তবে কমেনি টমেটোর দাম; বরাবরের মতই ১০০ টাকা কেজিতে মিলছে এই সবজি।
চট্টগ্রামের অন্যতম বড় কাঁচাবাজার বহদ্দারহাটে অবশ্য দাম একটু বেশি। প্রায় প্রতিটি সবজির দাম পাঁচ থেকে ১০ টাকা বেশি দরে বিক্রি হতে দেখা গেছে এ বাজারে।
বহদ্দারহাট কাঁচাবাজারের খুচরা সবজি বিক্রেতা মো. ছোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শীতের মাঝামাঝিতে দেশি টমেটো বাজারে এলেও টমেটোর দামও কমে যাবে।
গত সপ্তাহের মত স্বস্তির তালিকায় রয়েছে মাছ। লইট্টা বিক্রি হচ্ছে ৮০ টাকায় আর তেলাপিয়া বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিদরে। আর প্রতিকেজি রুই মিলছে ১৮০ থেকে ২২০ টাকার মধ্যে।
হেরফের হয়নি পেঁয়াজের দামেও। ভারতীয় পেঁয়াজ ৫০ টাকায় বিক্রি হলেও বড় আকৃতির চায়না পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়।
ব্রয়লার মুরগির দামও কমেছে গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০ টাকা। ১২০ টাকায় পাওয়া যাচ্ছে দুই কেজি ওজনের মুরগি। এক কেজি ওজনের মুরগি মিলছে ১৩০ টাকা কেজিদরে।
অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম; হাড়সহ প্রতিকেজি মাংস বিক্রি হচ্ছে ৩৮০ টাকায়, হাড়ছাড়া ৪৮০ টাকা।
