২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি শিগগির: মন্ত্রী

বাংলাদেশ ‘শিগগির’ শ্রীলঙ্কার সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তিতে (ফ্রি ট্রেড এগ্রিমেন্ট-এফটিএ) সই করবে বলে  বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 07:04 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

মঙ্গলবার সচিবালয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ইয়াসোজা গানাসিকারার সঙ্গে বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের একথা জানান।

শ্রীলঙ্কার সঙ্গে  এফটিএ স্বাক্ষরের সব প্রস্তুতি এরইমধ্যে শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, “শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক সংক্রান্ত কিছু জটিলতা রয়েছে। দুই দেশের বাণিজ্য বৃদ্ধির জন্য রপ্তানির উপর শুল্ক হার সাড়ে ১৩ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে আনার প্রস্তাব করেছে বাংলাদেশ।”

দুই দেশের বাণিজ্যের ক্ষেত্রে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের বিষয়ে আলোচনা চলছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

গত অর্থবছরে শ্রীলঙ্কায় ২৬ দশমিক ৮০ মিলিয়ন ডলার রপ্তানি করেছে বাংলাদেশ; একই সময়ে দেশটি থেকে আমদানি হয়েছে ৬৬ দশমিক ৬৫ মিলিয়ন ডলার মূল্যের পণ্য।

শ্রীলঙ্কার সঙ্গে ৩৯ দশমিক ৮৪ মিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশটিতে রপ্তানি বাধাগুলো দূর করা গেলে এ বাণিজ্য ঘাটতি আর থাকবে না।

বাণিজ্য বৃদ্ধির জন্য যোগযোগ ব্যবস্থা স্থাপন জরুরি মন্তব্য করে তোফায়েল বলেন, “এ মুহূর্তে সপ্তাহে প্রতিদিন শ্রীলঙ্কার উড়োজাহাজ বাংলাদেশে আসছে। বাংলাদেশও শ্রীলঙ্কার সঙ্গে আকাশ পথে যোগাযোগ স্থাপন করবে। একইসঙ্গে নৌ যোগাযোগ স্থাপন করা হবে।”

শ্রীলঙ্কাকে বাংলাদেশের ‘বন্ধু’ রাষ্ট্র অভিহিত করে ‘আলাপ-আলোচনার মাধ্যমে’ দুই দেশের বাণিজ্য বৃদ্ধির উদ্যোগ নেওয়ার কথা বলেন মন্ত্রী।

শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশের মাছ ও ওষুধের ব্যাপক চাহিদা রয়েছে জানিয়ে তিনিবলেন, “এ ক্ষেত্রে কিছু বাধা আছে। রপ্তানি বৃদ্ধির জন্য বাধাগুলো দূর করতে দুদেশ একমত হয়েছে।”

দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে আওয়ামী লীগ তোফায়েল আহমেদ বলেন, “বাংলাদেশ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।”

দেশের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ চলছে অভিযোগ করে তিনি বলেন,  “হরতাল-অবরোধ করে ব্যর্থ হয়ে রাজধানীর পুরান ঢাকার হোসাইনী দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলা এবং বিদেশি হত্যা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালানো হচ্ছে।”

আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতি চলাকালে শনিবার ভোররাতে পুরান ঢাকার হোসাইনী দালান ইমামবাড়ায় শিয়াদের সমাবেশে বোমা হামলা হয়। এতে একজন নিহত এবং শতাধিক আহত হন।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় ইতালির নাগরিক চেজারে তাভেল্লা এবং ৩ অক্টোবর রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়।

পরিকল্পিতভাবে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হচ্ছে মন্তব্য আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল বলেন, “তাদের সে চেষ্টা সফল হবে না। অপরাধীরা ধরা পড়েছে। অতি শিগগিরই প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে।”

বাংলাদেশে বিদেশি নাগরিকদের হত্যাকাণ্ডকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ মন্তব্য করেন তিনি বলেন, “পৃথিবীর অনেক উন্নত দেশেই এ ধরনের হত্যাকাণ্ড ঘটে থাকে। এজন্য সতর্কতা জারি করা হয় না।”

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় এ সময় উপস্থিত ছিলেন।