২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনার দাম বেড়েছে ভরিতে দেড় হাজার টাকা

এক মাস আগে যতটুকু কমেছিল, সোনার দাম তার চেয়ে প্রায় ৫০০ টাকা বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 12:35 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

সব মানের সোনার দাম ভরিতে ১ হাজার ৫১৬ টাকা করে বাড়ানো হয়েছে বলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস জানিয়েছে।

শনিবার থেকে নতুন দর কার্যকর হবে বলে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত ৯ সেপ্টেম্বর সোনার দাম ভরিতে এক হাজার টাকার মতো কমিয়েছিলেন স্থানীয় ব্যবসায়ীরা।

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় স্থানীয় বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান।

নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থ্যাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা (১১ দশমিক ৬৬৪ গ্রাম) থেকে ৪৩ হাজার ৭৪০ টাকায় বিক্রি হবে।

 শুক্রবার পর্যন্ত এ মানের সোনা বিক্রি হয় ৪২ হাজার ২২৩ টাকায়।

 

২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি ৪০ হাজার ১২৪ টাকা থেকে বাড়িয়ে ৪১ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের সোনা ভরিপ্রতি ৩৩ হাজার ৪৭৫ টাকার স্থলে এখন বিক্রি হবে ৩৪ হাজার ৯৯২ টাকায়।

এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ২৩ হাজার ৯১১ টাকায়। শুক্রবার পর্যন্ত তা বিক্রি হয় ২২ হাজার ৫৬৯ টাকায়।

বাজুস রুপার দাম বাড়িয়েছে ভরিতে ৫৮ টাকা।

শুক্রবার পর্যন্ত প্রতি ভরি রুপার দাম ছিল ৯৩৩ টাকা। ভরিপ্রতি ৫৮ টাকা বাড়িয়ে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯১ টাকা।

পুরনো খবর:

ফের কমেছে সোনার দর
সোনার দাম বেড়েছে ভরিতে দেড় হাজার টাকা