২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণার মামলায় প্যারাগন লেদারের সাবেক চেয়ারম্যানের জামিন

শেয়ার সার্টিফিকেট প্রতারণা মামলার আসামি প্যারাগন লেদার অ্যান্ড ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজের সাবেক চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ সালামকে জামিন দিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2015, 04:07 PM

Updated : 22 Aug 2022, 01:22 PM

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পুরানা পল্টনের বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ভবনে অবস্থিত পুঁজিবাজারের জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হুমায়ুন কবীর এ আদেশ দেন।

৩০ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালকে চিঠি দিয়ে জানানো হয়, এম এ সালাম শারীরিকভাবে অসুস্থ ও বয়োবৃদ্ধ।  তাকে কারগারে পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

ওই চিঠির ভিত্তিতে আসামি পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী রেজাউর রহমান জামিনের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।

আদালতে তার সঙ্গে আইনজীবী ইমানুর রহমানও উপস্থিত ছিলেন। অপর দিকে বাদী পক্ষের (বিএসইসি) আইনজীবী মাসুদ রানা খান ও রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। 

২৮ সেপ্টেম্বর এ মামলার পরবর্তী শুনানির জন্য ৪ অক্টোবর দিন ঠিক করে ট্রাইব্যুনাল। ওই দিন আসামিদের বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করা হবে।

এর আগে ১৪ সেপ্টেম্বর এ মামলার ২০ আসামির মধ্যে পাঁচজন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেও বিচারক হুমায়ুন কবীর তাদের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

পরে চার জনকে বিশেষ বিবেচনায় জামিন দেওয়া হয়। এর মধ্যে ১৮ সেপ্টেম্বর আব্দুস সালাম, ২৩ সেপ্টেম্বর এস এস জুনায়েদ বাগদাদী, ২৮ সেপ্টেম্বর মো. জালাল উদ্দিন ও হেমন্ত বাইন জামিন পান।

বাকি চারজনের মধ্যে প্যারাগণ লেদারের করপোরেট অ্যাডভাইজার ছিলেন আব্দুস সালাম, যিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশের (আইসিএবি) সাবেক সভাপতি ছিলেন।

মো. জালাল উদ্দিন ছিলেন হিসাবরক্ষণ কর্মকর্তা, এস এম জুনায়েদ বাগদাদী শেয়ার অফিসার এবং হেমন্ত বাইন ভূঞা কোম্পানির কম্পিউটার অপারেটর ছিলেন।

প্যারাগন লেদারের শেয়ার জালিয়াতির অভিযোগে ২০ জনকে আসামি করে ২০০১ সালে মামলা করে বিএসইসি। অপর আসামিদের মধ্যে রয়েছেন- আবুল কালাম আজাদ, নূর মোহাম্মদ, কুতুবউদ্দিন, আরব মিয়া, আলী আহম্মেদ, নূরুল আফসার, কলিমউদ্দিন, এবিএম মোরশেদুল হক, সাইফুল্লা মিজান, শামসুল হাদী, বশির আলম, মাহবুবুর রহমান, মোয়াজ্জেম হোসেন ও প্যারাগন লেদার অ্যান্ড ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

২০০১ সালের ৩১ মে প্যারাগন লেদারের শেয়ার জালিয়াতির অভিযোগের ভিত্তিতে বিএসইসির গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আসামিরা কোম্পানির শেয়ার জাল করার ব্যাপারে কার্যকর ভূমিকা রাখে। পরে এই জাল শেয়ার সার্টিফিকেট কিছু ব্যক্তি ও কোম্পানির কিছু কর্মকর্তা ঋণের বিপরীতে সংশ্লিষ্ট ব্যাংকে জমা দেয়। আর ওইসব জাল শেয়ার সার্টিফিকেট ব্যাংকের মাধ্যমে শেয়ারবাজারে আসে। শেষ পর্যন্ত ওই সব শেয়ার বাজারে এসে মারাত্মক বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করে এবং নির্দোষ বিনিয়োগকারীদের সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়।

প্রতিবেদনে আরও বলা হয়, জাল শেয়ার গ্রহণ করা ব্যাংকের কিছু কর্মকর্তা আসামিদের প্রত্যেকের জন্য প্রায় ২০ লাখ টাকা করে ঋণ নেওয়ার ব্যবস্থা করে দেয়। এ ছাড়া আসামিদের দুজন জাল শেয়ার সার্টিফিকেটের মাধ্যমে সন্ধানী ক্রেডিট অ্যান্ড কো-অপারেটিভ ও চার্টার্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি থেকে ঋণ নেয়।

কোম্পানিটি ওই সময় তিন প্রকার শেয়ার ইস্যু করে, যার আইনগত কোনো ভিত্তি ছিল না। আর ফুজি বাংলা নামের দক্ষিণ কোরীয় কোম্পানি থেকে বিল্লি নামের একজনকে প্যারাগন লেদারের ব্যবস্থাপনা পরিচালক করার সমঝোতা স্বাক্ষর হয়। কিন্তু এটি মূল্য সংবেদনশীল তথ্য হলেও তা গোপন করে কোম্পানিটি। আর এই তথ্য গোপন রেখে আসামিরা কোম্পানিটির শেয়ার ক্রয় করে স্বার্থ হাসিলের জন্য।

পুরনো খবর:

সার্টিফিকেট প্রতারণা: প্যারাগনের আরও ২ জনের জামিন