সার্টিফিকেট প্রতারণা: প্যারাগনের আরও ২ জনের জামিন
শেয়ার সার্টিফিকেট প্রতারণা মামলায় জামিন পেয়েছেন প্যারাগন লেদার অ্যান্ড ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজের হিসাব কর্মকর্তা জালাল উদ্দিন ও কম্পিউটার অপারেটর হেমন্ত বাইন ভূঞা।
সোমবার পুঁজিবাজার সংশ্লিষ্ট বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হুমায়ুন কবীর তাদের জামিন দেন।
দুই আসামিসহ রাষ্ট্রপক্ষের পাবলিক প্রিসিকিউটর মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্যানেল আইনজীবী মাসুদ রানা খান, আসামিপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ, ইমানুর রহমান, জেসমিন আক্তার আদালতে উপস্থিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী ইমানুর রহমান জানান, আসামি এমএ সালাম অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে না পারায় তাকে জামিন দেওয়া হয়নি। তাকে জেলহাজতে উন্নত চিকিৎসা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
সালামের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর জামিনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে আদালত।
গত ১৪ সেপ্টেম্বর মামলার পাঁচ আসামি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। কিন্তু বিচারক হুমায়ুন কবীর তাদের আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠান।
আত্মসমর্পণ করেন- প্যারাগন লেদারের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ সালাম, করপোরেট অ্যাডভাইজর আব্দুস সালাম (ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ বাংলাদেশের সাবেক সভাপতি), অ্যাকাউন্ট অফিসার মো. জালাল উদ্দিন, শেয়ার অফিসার এসএম জুনায়েদ বাগদাদী ও কম্পিউটার অপারেটর হেমন্ত বাইন ভূঞা।
পরে গত গত ১৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানের আব্দুস সালাম ও ২৩ সেপ্টেম্বর এসএস জুনায়েদ বাগদাদীকে জামিন দেয় ট্রাইব্যুনাল।
মামলার অন্য আসামিরা হলেন- আবুল কালাম আজাদ, নূর মোহাম্মদ, মো. কুতুবউদ্দিন, মো. আরব মিয়া, আলী আহম্মেদ, মো. নূরুল আফসার, মো. কলিমউদ্দিন, এবিএম মোরশেদুল হক, মো. সাইফুল্লা মিজান, শামসুল হাদী, মো. বশির আলম, মাহবুবুর, মাহবুবুর রহমান, মোয়াজ্জেম হোসেন ও প্যারাগন লেদার অ্যান্ড ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
প্যারাগন লেদারের শেয়ার জালিয়াতির অভিযোগের তদন্ত শেষে ২০০১ সালের ৩১ মে প্রতিবেদন দেয় বিএসইসির তদন্ত কমিটি।
প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানের শেয়ার জালিয়াতির পেছনে আসামিদের কার্যকর ভূমিকা ছিল।
তারা জাল শেয়ার সার্টিফিকেট ঋণের বিপরীতে সংশ্লিষ্ট ব্যাংকে জমা দেয়। আর ওইসব জাল শেয়ার সার্টিফিকেট ব্যাংকের মাধ্যমে শেয়ারবাজারে আসে। এতে শেয়ার বাজারে বিশৃঙ্খলা দেখা দেয় এবং বিনিয়োগকারীদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জাল শেয়ার গ্রহণ করা ব্যাংকের কিছু কর্মকর্তা আসামিদের প্রত্যেকের জন্য প্রায় ২০ লাখ টাকা করে ঋণের ব্যবস্থা করে দেন। এ ছাড়া আসামিদের দুজন জাল শেয়ার সার্টিফিকেটের মাধ্যমে সন্ধানী ক্রেডিট অ্যান্ড কোঅপারেটিভ ও চার্টার্ড ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি থেকে ঋণ নেন।
প্রতিষ্ঠানটি ওই সময় তিন প্রকার শেয়ার ইস্যু করে, যা ইস্যু করার মতো আইনগত কোনো ভিত্তি ছিল না। আর ফুজি বাংলা নামের কোরিয়ান প্রতিষ্ঠান থেকে বিল্লি নামের একজনকে প্যারাগন লেদারের ব্যবস্থাপনা পরিচালক করার সমঝোতা স্বাক্ষর হয়। কিন্তু এটি মূল্য সংবেদনশীল তথ্য হওয়া সত্ত্বেও গোপন করা হয়। আর এই তথ্য গোপন রেখে আসামিরা প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করে স্বার্থ হাসিলের জন্য।
