পানগাঁও নৌপথে কন্টেইনার পরিবহনে নতুন জাহাজ
বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ভাড়ায় দেওয়ার তিন সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও নৌপথে কন্টেইনার পরিবহন শুরু করতে যাচ্ছে পানগাঁও এক্সপ্রেস।
বুধবার রাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম বন্দরের সদস্য (অ্যাডমিন অ্যান্ড প্লেনিং) জাফর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি)-১ এ থাকা জাহাজটিতে বুধবার সকাল থেকে কন্টেইনার বোঝাই শুরু হয়েছে।
“এর মাধ্যমে প্রতি টিইইউস কন্টেইনার ন্যূনতম দুই ট্রাক হিসেবে মোট ১২৪ ট্রাক সমপরিমাণ পণ্য নদী পথে পরিবাহিত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানবাহনের ওপর চাপ কমবে।”
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) ঢাকার অদূরে কেরানীগঞ্জে পানগাঁও কন্টেইনার টার্মিনালটি নির্মাণ করে।
চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও টার্মিনালে কন্টেইনার পরিবহনের লক্ষ্যে চবক দুই বছর আগে প্রায় ৭২ কোটি টাকা ব্যয়ে পানগাঁও এক্সপ্রেস, পানগাঁও সাকসেস ও পানগাঁও ভিশন নামে তিনটি জাহাজ কেনে।
২ সেপ্টেম্বর এনসিটি ইয়ার্ডে এক অনুষ্ঠানে অভ্যন্তরীণ নদীপথে কন্টেইনারবাহী জাহাজ তিনটির পরিচালনার দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠান সামিট এলায়েন্স লিমিটেডকে মাসিক ৪২ লাখ টাকা ভাড়ায় হস্তান্তর করেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
পানগাঁও কন্টেইনার টার্মিনালে পাঠানোর জন্য আরও কন্টেইনার বর্তমানে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডগুলোতে আছে বলে বন্দরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
