কোরবানির হাট লাগোয়া ব্যাংকে সান্ধ্যকালীন সেবা দিতে নির্দেশ
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত কোরবানির পশুর হাটের কাছাকাছি অবস্থিত ব্যাংক শাখাগুলোতে ঈদের আগে তিন দিন সান্ধ্যকালীন সুবিধা চালু করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
কোরবানির পশুর হাটের ব্যবসায়ী ও ক্রেতাদের আর্থিক লেনদেন নিরাপদ ও সহজ করার জন্য এ নির্দেশনা দেয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান।
এ সেবা দিতে ব্যাংকগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করারও পরামর্শ দেওয়া হয়েছে।
কোরবানির আগের তিন দিন সাপ্তাহিক বা অন্য কোনো ছুটি থাকলেও খোলা রাখতে হবে ব্যাংক।
চিঠিতে বলা হয়েছে, “এ নির্দেশনা শুধু ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত কোরবানির পশুর হাট সংলগ্ন শাখার ক্ষেত্রে প্রযোজ্য হবে। কোরবানির পশুর হাটের নিকটবর্তী নয় এমন শাখা এ নির্দেশনার বাইরে থাকবে।”
রাজধানীতে সাধারণত কোরবানি উপলক্ষে ১৫ থেকে ২০টি অস্থায়ী পশুর হাট বসে থাকে। দুই সিটি কর্পোরেশন এসব হাটের ইজারা দিয়ে থাকে।
