২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্ব বেড়েছে রবির

রাজস্ব বেড়েছে রবির, এজন্য স্থিতিশীল রাজনৈতিক অবস্থাকে অন্যতম প্রধান কারণ মনে করছে মোবাইল ফোন অপারেটরটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2015, 08:25 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রবির চিফ অপারেটিং অফিসার (সিওও) মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “গ্রাহকবান্ধব বৈচিত্রময় পণ্য ও সেবা এবং রাজনৈতিক স্থিতিশীলতার ফলে চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) তুলনায় দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন)৬ দশমিক ৫ শতাংশ রাজস্ব বেড়ে এক হাজার ৩০০ কোটি টাকায় দাঁড়িয়েছে।”

গত বছরের প্রথম ছয় মাসের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে রাজস্ব বৃদ্ধির হার ৪ দশমিক ৯ শতাংশ বলে জানান রবির এই কর্মকর্তা।

রাজধানীর গুলশানে রবির কর্পোরেট কার্যালয়ে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মাহতাব উদ্দিন বলেন, রবির রাজস্ব ও গ্রাহক দুটিই বেড়েছে।

“মানসম্মত নেটওয়ার্ক ও গ্রাহকবান্ধব সেবার কারণে রবির রাজস্ব এবং গ্রাহক দুটিই বেড়েছে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত এক বছরে রবির গ্রাহক সংখ্যা ১৩ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে দুই ২ কোটি ৭৪ লাখে পৌঁছেছে।

“দক্ষ ব্যয় ব্যবস্থাপনার কারণে এপ্রিল-জুন প্রান্তিকে প্রতিষ্ঠানের পরিচালন মুনাফা বেড়েছে ৪ দশমিক ৩ শতাংশ। গত প্রান্তিকের তুলনায় এই প্রান্তিকে কর পরবর্তী মুনাফা ১ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।”

২০১৫ সালের প্রথম ছয় মাসে নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য ১ হাজার ৩৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে রবি। এই অংক গত বছরের একই সময়ের চেয়ে ৩৬ দশমিক ৪ শতাংশ বেশি।

মাহতাব উদ্দিন বলেন, চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে ৯৪০ কোটি টাকা সরকারের কোষাগারে জমা দিয়েছে তারা, যা মোট রাজস্বের ৩৭ দশমিক ৫ শতাংশ।

তিনি জানান, বছরের দ্বিতীয় প্রান্তিকে রবির ইন্টারনেট ব্যবহারকারীর হার ১৬ দশমিক ৭ শতাংশ বেড়েছে। তবে বাজারে তীব্র প্রতিযোগিতা ও ডেটামূল্য কমার কারণে ইন্টারনেট থেকে আয় বাড়েনি।

সংবাদ সম্মেলনে কোম্পানির চিফ ফিন্যান্সিয়াল অফিসার ইয়াপ ওয়াই ইয়েপ, প্রধান কর্পোরেট কর্মকর্তা মতিউল ইসলাম নওশাদসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।