২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্লোভেনিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে জোর প্রধানমন্ত্রীর

বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ ও স্লোভেনিয়ার মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 04:30 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

মঙ্গলবার প্রধানমন্ত্রীর এনইসি কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত দারসা বাভদাস কুরে বিদায়ী সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, বৈঠকে শেখ হাসিনা স্লোভেনিয়ার সরকারকে বাংলাদেশ থেকে বিশ্বমানের পণ্যবিশেষ করে সিরামিকস, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, ওষুধ, পাটজাত দ্রব্য আমদানির আহ্বান জানান।

দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সুযোগ থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বিনিয়োগ বাড়াতে তার সরকার বেশ কয়েকটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে এবং বিদেশি বিনিয়োগের জন্য নানা ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে।

এসময় ব্যবসা-বাণিজ্য প্রসারে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির বিষয়য়ে নানা ধরনের উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এছাড়া আওয়ামী লীগ নেতত্বাধীন সরকারের সময় দেশের বিভিন্ন খাতে উন্নয়নের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সেই সময়ে একীভূত যুগোশ্লাভিয়ার অংশ হিসেবে স্লোভেনিয়ার সমর্থনের কথা তুলে ধরে সে জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

সাক্ষাতে স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত বলেন, তিনি ইতোমধ্যেই বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এফবিসিসিআই দুদেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক করবে।

বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশের ফুটবলের উন্নয়নে তার দেশ থেকে কোচ পাঠাতে আগ্রহের কথা জানান।

ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগের প্রশংসা করে দারসা কুরে বলেন, দুদেশের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক রয়েছে এবং বেশ কয়েকটি বিষয়ে একসঙ্গে কাজ করছে।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কাযালয়ের সচিব সুরাইয়া বেগম ও প্রেস সচিব ইহসানুল করিম।