ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনার দাবি
ঋণের সুদহার সর্বোচ্চ ৯ শতাংশের মধ্যে নামিয়ে আনতে ব্যাংকগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
সোমবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে এক আলোচনা সভায় ব্যবসায়ীদের পক্ষে সংগঠনটির সভাপতি আব্দুল মাতলুব আহমাদ এ অনুরোধ জানান।
এফবিসিসিআই এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় এফবিসিসিআই এর প্রথম সহ-সভাপতি সফিউল ইসলাম (মহিউদ্দিন), ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির চেয়ারম্যান ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন বিএলএফসিএ এর চেয়ারম্যান আসাদ খান, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ শাহরিয়ার এবং এফবিসিসিআই এর পরিচালকরা উপস্থিত ছিলেন।
এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, “বিনিয়োগ ও উৎপাদনের সাথে ব্যাংকিং খাত সরাসরি সম্পৃক্ত সেজন্য অর্থনৈতিক কার্যক্রমকে আরও জোরদার করার জন্য ব্যাংকিং সুযোগ-সুবিধা ব্যাপকভাবে সম্প্রসারিত করা জরুরি। বিশেষ করে উৎপাদন ব্যবস্থাকে গতিশীল করার জন্য ব্যাংকের সুদের হার সহনীয় বা সামঞ্জস্যপূর্ণ থাকা বাঞ্ছনীয়।”
মাতলুব বলেন, “প্রতিযোগী বেশির ভাগ দেশের ঋণের সুদের হার বাংলাদেশের চেয়ে কম। ফলে কম সুদে ঋণ নিয়ে সেসব দেশের ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছেন।”
উচ্চ সুদের কারণে বর্তমানে ‘কস্ট অব ডুয়িং বিজনেস’ বেড়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
“বিনিয়োগের স্বার্থে সকল খাতের ব্যাংক ঋণের সুদের হার কস্ট অব ফান্ডের সাথে সর্বোচ্চ ২ দশমিক ৫ শতাংশে (তবে তা কোনভাবেই ৯ শতাংশের বেশি না) নামিয়ে আনতে হবে।”
আলী রেজা ইফতেখার বলেন, “উৎপাদনশীল খাতকে কার্যকর করার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠাগুলোর ভূমিকা অনস্বীকার্য। উদ্যোক্তাদের উৎসাহিত করার স্বার্থে ব্যাংক সুদের স্প্রেড ও সুদের হার কমিয়ে আনার ক্ষেত্রে যেসব বাধা রয়েছে সেগুলো দূর করার উদ্যোগ নিতে হবে।”
আলোচনা সভায় সুদহার কমানোর জন্য একজন ব্যাংকার বাংলাদেশ ব্যাংকের বর্তমান ব্যাংক রেট কমানোর প্রস্তাব করেন।
