শুরু হল ‘টেলিনর ইয়ুথ ফোরাম’র নিবন্ধন
‘টেলিনর ইয়ুথ ফোরাম’ এ বাংলাদেশ থেকে অংশ নিতে ইচ্ছুকদের নিবন্ধন শুরু হয়েছে।
রাজধানীর একটি হোটেলে রোববার এক সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের পক্ষ থেকে তা জানানো হয়।
সংবাদ সম্মেলনে ছিলেন গ্রামীণফোনের হেড অফ এক্সটার্নাল কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল ও গ্রামীণফোনের সেন্টার অব এক্সপারটাইজ, পিপলস অ্যান্ড অর্গানাইজেশন বিভাগের পরিচালক সৈয়দ তানভীর হোসেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, এই ফোরামের লক্ষ্য সমাজে প্রযুক্তিগত রূপান্তরের বিষয়ে প্রভাব বিস্তারকারী তরুণদের মধ্যে সংযোগ ঘটানো।
এ বছরের ডিসেম্বর মাসের শেষ দিকে নরওয়ের রাজধানী অসলোতে ইয়ুথ ফোরাম অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের ১৩টি দেশ থেকে তরুণরা অংশ নেবেন।
প্রযুক্তির প্রসারের এই সময়ে তরুণদের একসঙ্গে কাজ করার একটি মঞ্চ করে দেওয়ার মাধ্যমে একটি প্রজন্মের ক্ষমতায়ন নিশ্চিত করাই এই ইয়ুথ ফোরামের উদ্দেশ্য। এ বছর ফোরামের বিষয়- ‘সবার জন্য জ্ঞান’।
প্রথম ধাপে স্থানীয়ভাবে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থী, তরুণ শিক্ষাবিদ ও উদ্ভাবকেরা এ প্রতিযোগিতার জন্য নিবন্ধন করতে পারবেন।
টেলিনর গ্রুপের ব্যবসা আছে বাংলাদেশসহ এমন ১৩টি দেশের প্রতিটি থেকে দুজন করে প্রতিযোগী নরওয়ে মূল প্রতিযোগিতার জন্য নির্বাচিত হবেন।
২৮ বছর বয়সের নিচে মুক্তমনা ও দৃঢ়চেতা তরুণ, যাদের ভাবনার জায়গাটা এখনো নবীন ও সৃষ্টিশীল, তারা অসলোর মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত হবেন।
এ বছরের অক্টোবর মাসে একটি সংক্ষিপ্ত বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বিচারকদের চূড়ান্ত রায়ে একটি অনুষ্ঠানে পাঁচ ফাইনালিস্ট নির্ধারণ করা হবে। এ পাঁচ ফাইনালিস্টের মধ্যে থেকে দুজন ডিসেম্বরে অসলোতে যাবেন।
গত বছর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফুল হক সিফাত এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নওশিন মেহজাবীন চৌধুরী বাংলাদেশের টেলিনর ইয়ুথ সামিট জিতে অসলোতে টেলিনরের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন।
