চট্টগ্রামে মাছে স্বস্তি, বেড়েছে সবজির দাম
রোজার পর চট্টগ্রামের বাজারে মাছের দাম কমলেও কমেনি সবজির। তাছাড়া রোজায় কাঁচামরিচের দাম কিছুটা কমলেও ঈদের পর তা আবার চড়তে শুরু করেছে।
মূলত সারা রমজান জুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের কারণে কাঁচামরিজের দাম স্থিতিশীল ছিল বলে ক্রেতারা জানিয়েছেন।
শুক্রবার চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার রিয়াজউদ্দিন বাজারে পাইকারিতে প্রতিকেজি কাঁচামরিচ ২৫ থেকে ৩০ টাকা বিক্রি হলেও একশ থেকে দেড়শ গজ দূরত্বে খুচরায় সে মরিচ বিক্রি হতে দেখা যায় ৬০ টাকা থেকে ১০০ টাকায়।
রিয়াজউদ্দিন বাজারের সবজি বিক্রেতা মো. সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে জানান, টানা বৃষ্টির কারণে সবজির দাম এখনো কমেনি। বেশি দামে কিনতে হয় তাই বেশি দামেই বিক্রি করছেন।
এছাড়া প্রতিকেজি বেগুন ৫০ টাকায় বিক্রি হচ্ছে। একই দামে বিক্রি হতে দেখা গেছে ঢেঁড়স ও করলা। সবজির দামে সবাইকে ছাড়িয়েছে বরবটি। প্রতিকেজি বরবটি বিক্রি হচ্ছে ৭০ টাকায়।
রমজানের পর কমেছে মাছের দাম। প্রতিকেজি লইট্টা মাছ মানভেদে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ঈদের আগে একই মাছ বিক্রি হয় ১২০ থেকে ১৪০ টাকায়।
অন্যদিকে শুক্রবার বড় আকারে রুই মাছ বিক্রি হচ্ছিল প্রতিকেজি ২০০ টাকায়।
তেলাপিয়া মাছের দাম প্রতিকেজিতে কমেছে ২০ থেকে ৪০ টাকা। ভাল মানের তেলাপিয়া প্রতিকেজি ১৪০ টাকায় পাওয়া যাচ্ছে।
মাছের দরে স্বস্তি পাওয়া গেলেও সবজির দরে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা।
পাইকারি ও খুচরা বাজারে কাঁচামরিচের দামেও বেশ ব্যবধান লক্ষ্য করা গেছে।
কাঁচামরিচের আড়ৎ মেম্বার বাণিজ্যালয়ের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিকেজি কাঁচামরিচ পাইকারিতে আমরা ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি করছি। অথচ বাজারের তিনপোলের মাথা সংলগ্ন অংশে সে মরিচ বিক্রি হচ্ছে একশ টাকায়।”
কাঁচাবাজারের ভেতরের গলিতে সে মরিচ ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
খুচরায় কাঁচামরিচের এত বেশি দাম কেন জানতে চাইলে কাঁচামরিচ বিক্রেতা ছমির মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে বেশি দামে কিনতে হয়েছে। তাই বেশি দামে বিক্রি করছি। এখন হয়ত পাইকারিতে দাম কিছুটা কমেছে।”
বাজারে গরুর মাংস, ব্রয়লার মুরগি ও পেঁয়াজের দাম রয়েছে আগের মতই।
প্রতিকেজি গরুর মাংস ৪৮০ টাকায় আর ব্রয়লার মুরগি ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে মানভেদে ৩৪ থেকে ৪০ টাকার মধ্যে।
