Published : 18 Aug 2024, 04:02 PM
ক্ষুদ্রঋণ বিতরণকারী ছয় প্রতিষ্ঠানের পাঁচ লাখের বেশি গ্রাহকের কিস্তি পরিশোধ ও সঞ্চয়ের টাকা এখন থেকে বিকাশের মাধ্যমে জমা দেওয়া যাবে।
এ নিয়ে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি সই করেছে মোবাইলে আর্থিক সেবার কোম্পানি বিকাশ।
এই ছয় প্রতিষ্ঠান হল- সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস), দিশা, সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু), পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে), উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি (ইউডিপিএস) ও বাংলাদেশ ফেলোশিপ ফাউন্ডেশন (বিএফএফ)।
বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, সম্প্রতি রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ আলাদা আলাদা চুক্তিপত্রে সই করেন।
বিকাশ জানিয়েছে, এখন থেকে এসব প্রতিষ্ঠানের ঋণগ্রহীতারা বিকাশ অ্যাপের ‘মাইক্রোফাইন্যান্স’ আইকনে ট্যাপ করে অথবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে মাইক্রোফাইন্যান্স পেমেন্ট অপশন থেকে সহজ কয়েকটি ধাপে ঋণের কিস্তি পরিশোধ ও সঞ্চয়ের টাকা জমা দিতে পারবেন।