২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিম বিক্রিতে বিধিনিষেধের পরও জিপির আয় বেড়েছে ৬%

বছরের তৃতীয় প্রান্তিকে জিপির আয় ৬ দশমিক ৭ শতাংশ বেড়ে হয়েছে ৩ হাজার ৮৬০ কোটি টাকা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2022, 07:39 PM

Updated : 20 Oct 2022, 07:50 PM

সেবার মান নিয়ে প্রশ্ন তুলে সিম বিক্রিতে নিষেধাজ্ঞার পরও এ বছরের তৃতীয় প্রান্তিকে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের (জিপি) মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত কোম্পানির আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে এ কোম্পানির শেয়ার প্রতি আয় আগের বছরের ৬ টাকা ৩৪ পয়সা থেকে বেড়ে ৬ টাকা ৭২ পয়সা হয়েছে।

গ্রামীণ ফোনের হাতে নতুন তরঙ্গ যোগ হওয়ায় ও নেটওয়ার্ক বিস্তৃতি বাড়ায় এই সময়ে গ্রাহক প্রতি ডেটা ব্যবহার ৫২ শতাংশ বেড়েছে।

আয় বাড়লেও তৃতীয় প্রান্তিকে বাংলাদেশের বৃহত্তম এই টেলিকম জায়ান্টের গ্রাহক কমেছে ২৯ লাখ। গত সেপ্টেম্বরের শেষে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা নেমেছে ৮ কোটি ১৮ লাখে।

আর্থিক প্রতিবেদন বলছে, বছরের প্রথম নয় মাসে গ্রামীণফোনের মোট আয় হয়েছে ১১ হাজার ২৯০ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ বেশি। আর কেবল তৃতীয় প্রান্তিকে আয় ৬ দশমিক ৭ শতাংশ বেড়ে ৩ হাজার ৮৬০ কোটি হয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়ায় গ্রাহক হারানো সত্ত্বেও কোম্পানির মুনাফা বেড়েছে ৬ শতাংশ।

কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, বাইরের বেশকিছু চ্যালেঞ্জের মধ্যেও শক্তিশালী বাজার ব্যবস্থাপনায় গ্রামীণফোনের প্রবৃদ্ধির গতি তৃতীয় প্রান্তিকেও অব্যাহত ছিল। জুনের শেষে সিম বিক্রিতে নিষেধাজ্ঞার ফলে কোম্পানির তৃতীয় প্রান্তিকের ওপর বিরূপ প্রভাব পড়েছে; এতে আগের প্রান্তিকের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ গ্রাহক কমেছে।

আজমান বলেন, “সিম বিক্রির নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে আমরা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে লেগে থাকায় সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহার হয়েছে এবং ফের সিম বিক্রি শুরু হয়েছে।”

উচ্চ মূল্যস্ফীতি, বিদ্যুতের দাম বৃদ্ধি এবং বিদ্যুতের ব্যবহার রোধে সরকারের কঠোর পদক্ষেপে গ্রামীণফোন বাংলাদেশে একটি ‘অস্থির পরিস্থিতির’ মুখে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তৃতীয় প্রান্তিকে নেটওয়ার্ক কভারেজ ও নেটওয়ার্ক বিস্তৃতিতে ২৮০ কোটি টাকা ব্যয় করেছে এই মোবাইল অপারেটর কোম্পানি।