১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার নির্দেশ

এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকার পরও ইউসিবিএল, ট্রাস্ট ও প্রিমিয়ার ব্যাংকসহ যেসব ব্যাংক ঋণ দিতে গড়িমসি করছে, সেগুলোর সঙ্গে যোগাযোগ করে দ্রুত ঋণের ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2026, 11:23 PM

Updated : 26 Aug 2026, 03:09 PM

ঈদের ছুটির আগেই সব শিল্প কারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শ্রমিকদের পাওনা নিয়ে কোনো অবস্থাতেই যাতে জটিলতা তৈরি না হয় সেদিকে সংশ্লিষ্টদের নজর রাখতে বলেছেন তিনি।

শনিবার রাজধানীর বেইলি রোডে তার সরকারি বাসভবনে তৈরি পোশাক খাত ও অন্যান্য খাতে শ্রম অসন্তোষ নিরসনে করণীয় নির্ধারণে উচ্চ পর্যায়ের সভায় তিনি এ নির্দেশনা দেন বলে তথ্য বিবরণীতে বলা হয়েছে।

মন্ত্রী বলেন, সংসদীয় এলাকাভিত্তিক ঝুঁকিপূর্ণ কারখানার তালিকা তৈরি করে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের দেওয়া হবে। তারা সরাসরি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বকেয়া বেতন ও বোনাস দ্রুত পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকার পরও ইউসিবিএল, ট্রাস্ট ও প্রিমিয়ার ব্যাংকসহ যেসব ব্যাংক ঋণ দিতে গড়িমসি করছে, সেগুলোর সঙ্গে যোগাযোগ করে দ্রুত ঋণের ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দেন তিনি।

সব সরকারি-বেসরকারি অফিসে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিন ঈদের ছুটি থাকবে এবার।

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ বাংলাদেশে রোজার ঈদ উদযাপিত হতে পারে।

এদিনের ব্ঠৈকে শ্রমমন্ত্রী আরিফুল একই সঙ্গে যেসব শ্রমিকনেতা শ্রমিকদের অহেতুক উত্তেজিত করে শিল্পখাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে তাদের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য এবং প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতেও বলেছেন।

পাশাপাশি পলাতক মালিকদের এবং তাদের প্রতিষ্ঠানের একটি তালিকা তৈরির নির্দেশ দিয়ে তিনি এসব কারখানার বিষয়ে সতর্ক থাকতে বলেছেন।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, “সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে বন্ধ কারখানাগুলো চালু করে ফেলব।

“প্রধানমন্ত্রীর জোরালো নির্দেশনা রয়েছে কঠোর নজরদারির মাধ্যমে শ্রমিকদের সমস্যা সমাধানে কাজ করার।"

সভায় তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ঢাকা ও চট্টগ্রামে চালু আছে ২ হাজার ১২৭টি কারখানা। এগুলোর ১ হাজার ৯৬৪টি (৯২ দশমিক ৩৪ শতাংশ) ফেব্রুয়ারির বেতন পরিশোধ করেছে এবং ১ হাজার ৫৩৫টি (৭২ দশমিক ১৭ শতাংশ) ঈদের বোনাস দিয়েছে।

তিনি বলেন, “মার্চ মাসের বেতন পরিশোধ করা বাধ্যতামূলক না, যাদের সামর্থ্য আছে তারা দেবে কিন্তু মার্চ মাসের বেতন পরিশোধের জন্য শ্রমিকদের অনেকেই উসকে দিচ্ছে।”

সভায় বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, তাদের অধীন ৮৩৪ কারখানার মধ্যে ৫১২টি ফেব্রুয়ারির বেতন দিয়েছে এবং ৬০৪টি ঈদের বোনাস দিয়েছে।

সভায় শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদার, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মো. সালাউদ্দিন, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন এবং গাজীপুরের সংসদ সদস্যদের মধ্যে মজিবুর রহমান (গাজীপুর-১), এম মঞ্জুরুল করিম রনি (গাজীপুর-২), এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু (গাজীপুর-৩) এবং এ কে এম ফজলুল হক মিলন (গাজীপুর-৫) উপস্থিত ছিলেন।